কুম্ভমেলার স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে ক্যানসারের 'বিষ'! বাড়ছে উদ্বেগ
Biswadip Dey
মহারাষ্ট্রের নাসিকের কাছেই আসন্ন কুম্ভমেলার (Kumbh Mela) স্থানের কাছেই ভূগর্ভস্থ জলে মিলল ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত রাসায়নিক! ওই রাসায়নিকের মাত্রা নিরাপদ সীমার চেয়ে হাজার গুণ বেশি বলে রিপোর্টে প্রকাশ। আর এই রিপোর্ট সামনে আসার পরই স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
নাসিকের আম্বাদ নামের ওই অঞ্চল আসলে শিল্পাঞ্চল। আর সেখানকার জলেই ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম পাওয়া গিয়েছে। আশঙ্কা, আসন্ন কুম্ভমেলায় গোদাবরীর জলে এই উপাদান মিশে বিষাক্ত হয়ে উঠতে পারে। পরীক্ষাগারে দেখা গিয়েছে, প্রতি লিটারে ক্রোমিয়ামের পরিমাণ ৫০.৫ মিলিগ্রাম। এর মধ্যে হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়ামই রয়েছে ৫০.৩ মিলিগ্রাম। নিরাপদ সীমা যেখানে মাত্র ০.০৫ মিলিগ্রাম প্রতি লিটার! এই হিসেবই বলে দিচ্ছে নিরাপদ মাত্রার চেয়ে এক হাজার গুণেরও বেশি পরিমাণে 'বিষ' মিশে রয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ওই অঞ্চলের কুয়োর জলে হলুদ রঙের জল দেখা গিয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরই তা পরীক্ষা করতে পাঠানো হয়। আশঙ্কা, শিল্পের কাজে ওই জল ব্যবহৃত হওয়ার কারণেই এই বিপত্তি দেখা গিয়েছে। বারবার অভিযোগ সত্ত্বেও নাকি নিয়ন্ত্রক সংস্থাগুলির তরফে সেভাবে সাড়া মেলেনি। অথচ স্থানীয় কর্মীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ জানাচ্ছিলেন।
কিন্তু এবার পরীক্ষাগার থেকে রিপোর্ট হাতে আসার পর বিষয়টি প্রকাশ্যে এসে পড়েছে।পরিবেশবিদরা বলছেন, শিল্পবর্জ্য শোধন না করা হলেই এই ধরনের দূষণ ছড়াতে পারে। ফলে কেবলই স্থানীয় বাসিন্দারাই নয়, আসন্ন কুম্ভমেলায় তীর্থযাত্রীরাও বিপদে পড়তে পারেন, এই আশঙ্কা ক্রমেই বড় হচ্ছে।
কী এই হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম তথা ক্রোমিয়াম-৬ ধাতব ক্রোমিয়ামেরই রাসায়নিক রূপ। বিভিন্ন শিল্পে এগুলি ব্যবহৃত হয়। অসাবধানে এর থেকে বড় বিপদ ঘনাতে পারে। এবার সাম্প্রতিক রিপোর্টে এই নিয়ে আশঙ্কা আরও ঘনীভূত হল।