মৃত্যু হয় আব্রাহাম লিঙ্কনের মায়ের, চিনুন ভারত-সহ বিশ্বের ভয়ংকর উদ্ভিদের মারণ বীজগুলিকে
দেখতে আপাত নিরীহ, সুন্দর ফলের বীজ। তবে সেই সৌন্দর্যে বিভ্রান্ত হয়ে গিলে ফেললে নিশ্চিত যন্ত্রণাদায়ক মৃত্যু। প্রকৃতির অমৃত ভান্ডারের আনাচে-কানাচে নিভৃতে লুকিয়ে রয়েছে এমনই সব মারণ বিষ।
Amit Kumar Das
04:04 PM Oct 07, 2026 IST
-
-
কুঁচ (Rosary Pea): লাল-কালো রংয়ের এই বীজ দেখতে সুন্দর। বঙ্গ রমণীদের কাছে এককাল বহুল জনপ্রিয় ছিল কুচের মালা। তবে সৌন্দর্যের আড়ালে ভয়ংকর এই বীজ। এতে রয়েছে 'অ্যাব্রিন', যা রাইসিনের থেকে বেশি বিষাক্ত। মাত্র ১টি বীজই একজন প্রাপ্তবয়স্ককে প্রাণে মারতে সক্ষম। খেলে বমি, খিঁচুনি, লিভার ফেলিওরের সম্ভাবনা। এর কোনও প্রতিষেধকও নেই, ফলে অবধারিত মৃত্যু।
-
রেড়ির বীজ (Castor Bean): পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছ। ভারত-সহ বিশ্বের বহু জায়গায় এর দেখা পাওয়া যায়। এর বীজ থেকে তৈরি হয় 'রাইসিন' বিষ। ১-২টি বীজ চিবিয়ে খেলেই নিশ্চিত মৃত্যু। অতীতে জৈব অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে এই মারণ বিষ। যার জেরে ব্রিটেনে এর ব্যবহার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। মিশরীয় সমাধিতেও এই বীজ খুঁজে পাওয়া গিয়েছে।
-
প্যানজিয়াম (Pangium): ম্যানগ্রোভ উদ্ভিদ। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে দেখা যায়। এই গাছের বীজ এবং ফলে রয়েছে 'হাইড্রোজেন সায়ানাইড'। যা মারাত্মক বিষাক্ত। ইন্দোনেশিয়ায় এই বীজ রান্না করে খাওয়া হয় ঠিকই, তবে তা অত্যন্ত সতর্কতার সঙ্গে। ৪০ দিন ধরে মাটিতে পুঁতে তারপর সিদ্ধ করে এর মারণ ক্ষমতা নষ্ট হওয়ার পর।
-
হেমলক (Hemlock): ইউরোপ ও উত্তর আফ্রিকার বাসিন্দা হেমলক গাছের সমস্ত অংশই মানুষ ও প্রাণীর জন্য বিষাক্ত। তবে এর বীজ এবং শিকড়ই সবচেয়ে বিপজ্জনক। এতে হয়েছে 'কনিইন'। যার মাত্র ১৫০ মিলিগ্রাম একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। এই পরিমাণ কনিইন হেমলকের ৬টি পাতা এবং অল্প কিছু বীজের মধ্যেই পাওয়া যায়।
-
সুইসাইড ট্রি (Cerbera odollam): ভারতে 'সুইসাইড ট্রি' নামে পরিচিত। কেরলে আত্মহত্যার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হতে দেখা গিয়েছে। এর বীজে রয়েছে 'সেরবেরিন'। যা হৃদপিন্ডকে অকেজো করে দেয়। মাত্র ৩০ মিলিগ্রাম সেরবেরিন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখে ঠেলে দেয়। সেভাবে কোনও স্বাদ না থাকায় অপরাধ জগতেও এর বহুল ব্যবহার।
-
ম্যানচিনিল (Manchineel): আমেরিকা মেক্সিকোর উপকূলে এর দেখা মেলে। ছোট আপেলের মতো ফলের বীজ ও রস এতটাই বিষাক্ত যে গাছের নিচে বৃষ্টিতে দাঁড়ালেও চামড়ায় ফোসকা পড়ে। খেলে তো কথাই নেই। গলা-মুখ এবং শরীরের আভ্যন্তরীণ অঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসা না হলে ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
-
হোয়াইট স্নেকরুট (White Snakeroot): আমেরিকার বাসিন্দা এই উদ্ভিদে রয়েছে মারণ 'ট্রেমেটল' বিষ। বিষাক্ত এই গাছ খাওয়া গবাদি পশুর দুধ যদি মানুষের শরীরে যায় তবে 'মিল্ক সিকনেস' হয়। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মা, ন্যান্সি হ্যাঙ্কস লিংকনের মৃত্যু হয়েছিল এই অসুখেই। একটা সময় আমেরিকার হাজার হাজার মানুষ মিল্ক সিকনেসের শিকার হয়েছিল।
-
কুচিলা (Strychnos nux-vomica): বাংলার অতি চেনা এই গাছের ফল বেশ সুস্বাদু। কিন্তু এই ফলের বীজ মারাত্মক বিষাক্ত। এর বীজে রয়েছে স্ট্রিকনিন। যার বেশি পরিমাণে শরীরে গেলে পেশিতে তীব্র খিঁচুনি, শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসা না হলে শ্বাসরোধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়াও, বিপদের তালিকায় রয়েছে ফোর পিএম ও মর্নিং গ্লোরি ফুলের বীজ। আপেল, চেরির বীজে রয়েছে সায়নাইড। একসঙ্গে অনেকগুলি চিবিয়ে খেলে বিপদ।
Advertisement
Advertisement