দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Ethiopia

যে সাপের দাঁত নেই! ইথিওপিয়ার জঙ্গলে খোঁজ মিলল অদ্ভুত ডিমখেকো সরীসৃপের

ডিম খাওয়ার জন্য প্রকৃতি এদের শরীরে দিয়েছে অদ্ভুত এক ব্যবস্থা। এদের গলার ভেতরের মেরুদণ্ডের হাড়গুলি ছুরির মতো ধারালো। গোটা ডিম গিলে নেওয়ার পর শরীরের পেশি সংকুচিত করে হাড়ের সাহায্যে ডিমের উপর চাপ দিয়ে ডিমের খোসা ফাটিয়ে দেয়।
Amit Kumar Das
04:39 PM Oct 06, 2026 IST
ডিম খাওয়ার জন্য প্রকৃতি এদের শরীরে দিয়েছে অদ্ভুত এক ব্যবস্থা। এদের গলার ভেতরের মেরুদণ্ডের হাড়গুলি ছুরির মতো ধারালো। গোটা ডিম গিলে নেওয়ার পর শরীরের পেশি সংকুচিত করে হাড়ের সাহায্যে ডিমের উপর চাপ দিয়ে ডিমের খোসা ফাটিয়ে দেয়।
'ড্যাসিপেল্টিস অ্যালবিগুলারিস' প্রজাতির ডিমখেকো সাপ।

হিংস্র একেবারেই নয়। বরং গোবেচারা, নিরীহ। অনেকটা 'বাবুরাম সাপুড়ে'র ঝোলাবন্দি সাপের মতো। সাত চড়ে রা কাটে না। শিং, নখ তো নেইই, এমনকী গর্বের দাঁতও নেই। দোষের মধ্যে আমিষ আহার করলেও, ডিম ছাড়া অন্য কিছু মুখে রোচে না। অদ্ভুত এমনই এক সাপের হদিশ মিলল আফ্রিকার ইথিওপিয়ার (Ethiopia) জঙ্গলে। ডিমখেকো, দন্তহীন, নিরীহ এই সাপই চর্চার বিষয় হয়ে উঠেছে জীব বিজ্ঞানীদের কাছে।

জানা যাচ্ছে, ইথিওপিয়ার হারেনা জঙ্গলে প্রায় ৭ বছর অন্বেষণের পর সম্প্রতি বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন অদ্ভুত এই সাপের। নয়া প্রজাতির এই সাপের নাম 'ড্যাসিপেল্টিস অ্যালবিগুলারিস' বা 'সাদা-গলা ডিমখেকো'। বালে পর্বতমালার ১৫০০ থেকে ১৭০০ মিটার উচ্চতায় ঘন জঙ্গলে এদের বাস। শুধুমাত্র ডিম খাওয়ার ফলে শারীরিক বিবর্তন ঘটে এই সাপের দাঁত লোপ পেয়েছে। এই সাপের আবিষ্কারক দলের নেতৃত্বে ছিলেন জার্মানির ফ্রিডরিখ-আলেকজান্ডার বিশ্ববিদ্যালয়ের গবেষক আর্থার টিউটেনকো। তাঁর এই আবিষ্কার সম্প্রতি 'হেরপেটোজোয়া বিজ্ঞান পত্রিকা'য় প্রকাশিত হয়েছে। এই নিয়ে 'ড্যাসিপেল্টিস' প্রজাতির ২০ ধরনের সাপের হদিশ পেলেন বিজ্ঞানীরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বালে পর্বতমালার ১৫০০ থেকে ১৭০০ মিটার উচ্চতায় ঘন জঙ্গলে এদের বাস। শুধুমাত্র ডিম খাওয়ার ফলে শারীরিক বিবর্তন ঘটে এই সাপের দাঁত লোপ পেয়েছে।

বিজ্ঞানীদের দাবি অনুযায়ী, নয়া এই প্রজাতির স্ত্রী সাপের দৈর্ঘ্য হয় ৯২ সেন্টিমিটার পর্যন্ত এবং পুরুষ সাপের দৈর্ঘ্য ৬০ সেমিরও কম হয়। এদের গায়ের রং সাধারণত কালো বা গাঢ় ধূসর, কারও কারও বাদামি বা লালচে। আঁশের ফাঁকে হালকা নীলচে চামড়া দেখা যায়। গলা ও পেটের সামনের অংশ সাদা, তাই নাম সাদা-গলা।
সাপটি সম্পূর্ণ নির্বিষ। অন্যান্য সাপের মত এরা পাখি বা ইঁদুর শিকার করে না। গাছে গাছে ঘুরে পাখির বাসা থেকে ডিম শিকার করে বেঁচে থাকে। ডিম খাওয়ার জন্য প্রকৃতি এদের শরীরে দিয়েছে অদ্ভুত এক ব্যবস্থা। এদের গলার ভেতরের মেরুদণ্ডের হাড়গুলি ছুরির মতো ধারালো। গোটা ডিম গিলে নেওয়ার পর শরীরের পেশি সংকুচিত করে সেই হাড়ের সাহায্যে ডিমের উপর চাপ দেয়। এর জেরে ডিমের খোসা ফেটে যায়। তারপর ডিমের পুষ্টিকর তরল হজম করে নেয়, ভাঙা খোসা বমি করে উগরে দেয়।

পাখির ডিম খাচ্ছে 'ড্যাসিপেল্টিস অ্যালবিগুলারিস'।

গবেষকরা মতে, এরা একেবারেই নিরীহ প্রজাতির সাপ। ভয় পেলে অন্য ডিমখেকো সাপের মতো হিসহিস শব্দও করে না। এই প্রজাতির সাপের প্রজনন নির্ভর করে পাখির ডিমের মরসুমের উপর। বিজ্ঞানীদের দাবি, আফ্রিকার জঙ্গলে এখনও এমন আরও অনেক অজানা প্রজাতি রয়েছে যাদের আমরা চিনি না।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
EthiopiaSnake
Advertisement
Tags :
EthiopiaSnake

নিয়মিত খবরে থাকতে ফলো করুন