সাইকেলই সঙ্গী, এখনও বাজার করেন নিজে! বিশ্বখ্যাত পুরস্কার পেয়েও 'মাটির মানুষ' অশোক সেন
প্রথম ভারতীয় হিসেবে বিজ্ঞান জগতের অন্যতম সেরা পুরস্কার 'অস্কার ক্লেন মডেল পুরস্কার' পেয়েছেন বাঙালি অধ্যাপক।
Sucheta Sengupta
06:51 PM Oct 26, 2026 IST
-
-
কলকাতার ভূমিপুত্র অশোক সেন দেশের তো বটেই, বিশ্বের সেরা সেরা বিজ্ঞান প্রতিষ্ঠানে কাজ করেছেন। আইআইটি, কানপুরের পর আমেরিকার স্টোনি ব্রুক ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। সেখানকার প্রতিষ্ঠানে যোগ দিয়ে অনায়াসে নিজের কেরিয়ার উজ্জ্বল করতে পারতেন। কিন্তু মাটির টানে দেশে ফিরে আসেন। প্রয়াগরাজের হরিশচন্দ্র গবেষণা ইনস্টিটিউটে শুরু করেন কাজ। গাড়ি নয়, এখনও সাইকেল চড়েই ইনস্টিটিউটে যাতায়াত করেন অধ্যাপক সেন।
-
ফরমাল প্যান্ট-শার্ট কিংবা স্যুট-বুট নয়, ঢিলেঢালা ট্রাউজার আর টিশার্টেই অধ্যাপক সেনকে দেখতে অভ্যস্ত পড়ুয়ারা। আজকের যুগেও ডিজিটাল পদ্ধতি নয়, ব্ল্যাকবোর্ডে চক-ডাস্টার দিয়েই পদার্থবিজ্ঞানের দুরূহ সব ফর্মুলা লেখেন অশোক সেন। স্টিং থিওরির মতো অতি কঠিন বিষয়ও 'স্যরে'র এমন সহজ-সরল পড়ানোয় সহজ হয়ে ওঠে। স্টিফেন হকিংয়ের এই বিষয়টি নিয়ে দীর্ঘ গবেষণাই তাঁকে এনে দিয়েছে অস্কার ক্লেন মডেল, বিজ্ঞান জগতের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার।
-
নোবেল পুরস্কারের প্রায় সমতুল্য অস্কার ক্লেন মেডেল প্রাপ্তির আগে অশোক সেন 'পদ্মশ্রী', 'পদ্মভূষণ' এবং রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে সেসব পুরস্কার গ্রহণ করেছেন অধ্যাপক সেন। সম্প্রতি অস্কার ক্লেন মডেলের পুরস্কারমূল্য অনেকটাই। কিন্তু তাতে কী? জীবনভর উপার্জন ও পুরস্কারের অর্থ গবেষণার কাজে বিলিয়ে দিয়েছেন। ন্যূনতম খরচে নিজের জীবন চালান। কোনও বাহুল্য নেই তাঁর জীবনে।
-
অধ্যাপক সেনের স্ত্রী সুমতি রাও-ও বিজ্ঞান গবেষণার সঙ্গে যুক্ত। তিনিও অতি সাদামাটা, মৃদুভাষী। এখনও স্বামী-স্ত্রী মিলে বাজারে যান। গুছিয়ে বাজার করেন। কখনও কখনও রাস্তাঘাটে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হয়ে গেলে দাঁড়িয়ে কথা বলেন, ছবিও তোলেন। পদার্থবিজ্ঞানে তাঁর বিশ্বজোড়া খ্যাতির কথা যদি বা কেউ নাও জানেন, সদাহাস্যময় বয়স্ক অধ্যাপককে এলাকাবাসীও ভারী পছন্দ করেন। এমনই 'মাটির মানুষ' অধ্যাপক সেন।
-
এখন বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে বিশিষ্ট অধ্যাপক হিসেবে কর্মরত অধ্যাপক অশোক সেন। তাঁর ক্লাস করতে মুখিয়ে থাকেন গবেষক-পড়ুয়ারা। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র স্ট্রিং থিওরি বা সূত্রতত্ত্ব। মহাবিশ্বের মৌলিক কণা, প্রকৃতির বিভিন্ন বল এবং মহাকর্ষের মধ্যে সম্পর্ক বোঝার ক্ষেত্রে এই তত্ত্ব অতি গুরুত্বপূর্ণ। স্টিফেন হকিং, পিটার হিগসের যথাযোগ্য উত্তরসূরী হিসেবে বাঙালির গর্ব পদার্থবিজ্ঞানী অশোক সেন।
-
অধ্যাপক সেনের এই সাদামাটা জীবন মনে করিয়ে দেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ, আরেক বঙ্গসন্তান অধ্যাপক অমর্ত্য সেনকে। তিনিও অতি সাধারণ জীবনযাপন করেন। শান্তিনিকেতনের বাড়িতে এলে সাইকেল নিয়েই তাঁকে খোয়াই, কোপাইয়ের ধারে ঘুরে বেড়াতে দেখা যায়। যদিও এখন অমর্ত্য সেন নব্বই পেরিয়েছেন। শরীর অশক্ত। ফলে এখন সাইকেল চালিয়ে বিশেষ কোথাও যেতে পারেন না। কিন্তু বছর কয়েক আগেও নোবেলজয়ীকে ঘরের ছেলের মতোই দেখা যেত।
Advertisement
Advertisement