মাঠে না নেমেই রনজির প্রথম ম্যাচে হার, অরুণাচলের 'দুর্দশা'য় চুপ কেন বিসিসিআই?
Prasenjit Dutta
মাঠে না নেমেই রনজির (Ranji Trophy) প্রথম ম্যাচে হেরে গেল অরুণাচল প্রদেশ। প্রশাসনিক অচলাবস্থার জেরে রনজি ট্রফির প্লেট গ্রুপের প্রথম ম্যাচে খেলতেই নামল না তারা। রবিবার আহমেদাবাদে নাগাল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা ছিল তাদের। কিন্তু রাজ্যের ক্রিকেট সংস্থার অন্দরে দুই গোষ্ঠীর ক্ষমতার লড়াই এবং নির্বাচন নিয়ে মামলা চলায় শেষ পর্যন্ত ওয়াকওভার দিয়ে ম্যাচ থেকে সরে দাঁড়াতে হল অরুণাচলকে।
এর আগে বৃহস্পতিবার ভুবনেশ্বরে ভিনু মনকড় ট্রফিতে সিকিমের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচেও দল নামাতে পারেনি অরুণাচল। রাজ্য ক্রিকেট সংস্থায় সিদ্ধান্ত নেওয়ার মতো কার্যকর কর্তৃপক্ষ না থাকায় দল নির্বাচন থেকে ম্যাচ পরিচালনা, সব ক্ষেত্রেই তৈরি হয়েছে অচলাবস্থা। গত সেপ্টেম্বরে রাজ্য ক্রিকেট সংস্থার নির্বাচনে সভাপতি নির্বাচিত হন নবম বিবেক। কিন্তু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে একাধিক জেলা ক্রিকেট সংস্থা গৌহাটি হাই কোর্টের ইটানগর বেঞ্চের দ্বারস্থ হয়। সেই মামলায় এখনও রায় ঘোষণা করেনি আদালত।
আরও পড়ুন:
তাই অরুণাচল ক্রিকেটে হস্তক্ষেপ করে বিহারের মতো স্বাধীন নির্বাচক কমিটি গড়ার পথে হাঁটতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, "আদালতের স্থগিতাদেশ রয়েছে। তাই বিসিসিআই হস্তক্ষেপ করতে পারে না। রাজ্য সংস্থাটি চালানোর মতো কেউ নেই। আদালত অনুমতি না দেওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই।"
প্রশাসনিক টানাপড়েনের প্রভাব পড়ছে মাঠেও। গত মরশুমে প্লেট গ্রুপের পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছিল অরুণাচল প্রদেশ। পাঁচটি ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। এবার এমন পরিস্থিতি দলের সংকট আরও বাড়িয়ে দিল। প্লেট গ্রুপে নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ ছাড়াও রয়েছে মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং সিকিম। প্রশাসনিক সমস্যায় প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় অরুণাচল ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।