চূড়ান্ত কোয়ার্টারের সূচি, ফের সোনার লক্ষ্যে এশিয়াডে ক্রিকেটে ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ
Arpan Das
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে? তা চূড়ান্ত হয়ে গেল। আর ভারতের লড়াইটা মোটেই সহজ হবে না। কারণ, শ্রেয়স আইয়ারদের সামনে আফগানিস্তান। সম্প্রতি নেপালের বিরুদ্ধে হেরেছে আফগানরা। তা সত্ত্বেও কোয়ার্টারের রাস্তা পরিষ্কার হয়ে গেল। ২৮ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান।
শুক্রবার করগি স্পোর্টস পার্কে আফগানদের ৫ উইকেটে হারায় নেপাল। তাতে আফগানদের রাস্তা কঠিন হয়ে যায়। অন্যদিকে এদিন ম্যাচ ছিল জাপান ও নেপালের। যে ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়। ফলে গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টারে উঠল আফগানিস্তান। অন্যদিকে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে নেপাল। তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
আরও পড়ুন:
অন্যদিকে অন্য গ্রুপে মালয়েশিয়া ও ওমানের ম্যাচও বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছে। সেখান থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে হংকং ও মালয়েশিয়া। তাঁদের প্রতিপক্ষ যথাক্রমে পাকিস্তান ও বাংলাদেশ। সেমিফাইনাল ১ অক্টোবর। তৃতীয় পজিশনের ম্যাচ ও ফাইনাল ৩ অক্টোবর। ভারত এই টুর্নামেন্টে গতবারের সোনাজয়ী। ইতিমধ্যে মহিলা দল এশিয়াডে সোনা জিতেছে। এবার সোনাজয়ের লক্ষ্য শ্রেয়স, বৈভব সূর্যবংশীদের।
উল্লেখ্য, কিছুদিন আগে দেশের মাটিতে রশিদ খানদের মোকাবিলা করেছিল টিম ইন্ডিয়া। সেখানে তিনটিতেই ভারত জিতেছিল। তবে টি-টোয়েন্টিতে আফগানিস্তান সবসময়ই কঠিন প্রতিপক্ষ। ফলে কাজটা একেবারেই সহজ হবে না।
এশিয়াডে ক্রিকেটের কোয়ার্টার-ফাইনাল:
পাকিস্তান বনাম হংকং, ২৮ সেপ্টেম্বর - সকাল ৫:৩০
ভারত বনাম আফগানিস্তান - ২৮ সেপ্টেম্বর - সকাল ১০টা
শ্রীলঙ্কা বনাম নেপাল - ২৯ সেপ্টেম্বর - সকাল ৫:৩০
বাংলাদেশ বনাম মালয়েশিয়া - ২৯ সেপ্টেম্বর - সকাল ১০টা
প্রথম সেমিফাইনাল ১ অক্টোবর, সকাল ৫:৩০
দ্বিতীয় সেমিফাইনাল ১ অক্টোবর, সকাল ১০টা
ফাইনাল ৩ অক্টোবর সকাল ১০টা