বাতিল সব ম্যাচ, না জিতেই সেমিতে চার দল! এশিয়াডে ফের সোনা জিততে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা?
Anwesha Adhikary
বৃষ্টির থাবায় একেবারে লন্ডভন্ড এশিয়ান গেমসের (Asian Games 2026) ক্রিকেট। আটটি দেশ অংশগ্রহণ করেছে এশিয়াডে পুরুষদের ক্রিকেটে। কিন্তু তারমধ্যে চারটি দল পদকের দৌড় থেকে ছিটকে গেল একটাও ম্যাচ না হেরেই! কোনও ম্যাচে ফলাফল না হওয়া সত্ত্বেও নিশ্চিত হয়ে গেল এশিয়াডে ক্রিকেটের চার সেমিফাইনালিস্ট। গতবারের সোনাজয়ী শ্রেয়স আইয়াররাও কোনও ম্যাচ না খেলেই চলে গিয়েছেন সেমিফাইনালে।
আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে নেপালের ম্যাচ ছিল সোমবার। ওই ম্যাচের সময় থেকেই শুরু হয় খেলা ভেস্তে যাওয়া। তারপর ভারত বনাম আফগানিস্তান ম্যাচও বাতিল হয়, মেন ইন ব্লু চলে যায় সেমিফাইনালে। ম্যাচ বাতিলের ধারা বজায় রইল মঙ্গলবারেও। মালয়েশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ ছিল। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল হংকং। প্রবল বৃষ্টিতে একটা বলও খেলা যায়নি। সেমিফাইনালে যে চার দল উঠল, তারা কেউই ম্যাচ জেতেনি।
আরও পড়ুন:
আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে নিশ্চিত হয়েছে এশিয়াডের চার সেমিফাইনালিস্ট। কিন্তু ক্রিকেটপ্রেমীদের অনেকেই মনে করছেন, ক্রিকেটে সবচেয়ে বেশি অঘটন ঘটে টি-২০তে। অনামী দলের কাছে নকআউট ম্যাচ হারে শক্তিশালী দল। তাতে ক্রিকেটের রোমাঞ্চ বাড়ে। এশিয়াডের মতো মঞ্চে সেই রোমাঞ্চ মিলছে না। যদিও সেমিফাইনালে মুখোমুখি হবে চার শক্তিশালী দল। ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্যদিকে পাকিস্তান খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। দু'টি ম্যাচই খেলা হবে আগামী বৃহস্পতিবার।
যদি সেমিফাইনাল এবং ফাইনালেও থাবা বসায় বৃষ্টি? আবারও যদি ভেস্তে যায় ম্যাচ? তাহলে সোনা জিতবে কারা? সেখানেও আইসিসি র্যাঙ্কিংই কার্যকর হবে। অর্থাৎ দুই দলের মধ্যে র্যাঙ্কিংয়ে যে এগিয়ে থাকবে, তাকেই জয়ী হিসাবে বিবেচনা করে পরের রাউন্ডে এগিয়ে দেওয়া হবে। সেমিফাইনালে যদি ভারতের ম্যাচ ভেস্তে যায়, তবু ভারত ফাইনালে উঠে যাবে শ্রীলঙ্কার থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে। পাকিস্তানও ম্যাচ ভেস্তে গেলে উঠে যাবে ফাইনালে। সোনাজয়ের লড়াই ভেস্তে গেলে ভারতই ফের পাবে সোনার পদক, কারণ ক্রমতালিকার শীর্ষে রয়েছে মেন ইন ব্লু।