২২ গজের সব্যসাচী! দু’হাতে বল করে উইকেট নিয়ে এশিয়াডে ইতিহাস লঙ্কান স্পিনারের
Prasenjit Dutta
তাঁকে 'বাইশ গজের সব্যসাচী' বলাই যায়। দু'হাতেই তিনি সমান পারদর্শী। ভারতের কাছে দুরমুশ হয়ে এশিয়ান গেমসের (Asian Games 2026) ফাইনালে ওঠা হয়নি শ্রীলঙ্কার। তবে হেরে যাওয়া ম্যাচেও বিরল কীর্তি গড়েছেন দ্বীপরাষ্ট্রের এক স্পিনার। বলা হচ্ছে থারিন্দু রথনায়েকের কথা। দু'হাতে বল করে উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি।
প্রথমে বাঁ-হাতের অর্থোডক্স স্পিনে সঞ্জু স্যামসনকে ফেরানোর পরে ডান হাতের অফস্পিনে শিবম দুবেকে আউট করেন তিনি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনও বোলার একই ম্যাচে দুই হাতে বল করে উইকেট নিলেন। রথনায়েকের বোলিং পরিসংখ্যান ২-৩২। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ১৬৯/৭ তোলে। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক সাহান আরাচ্চিগে। শুরুটা মসৃণ হয়নি ভারতের। অভিষেক শর্মা তিন বলে ৭ এবং সঞ্জু স্যামসন ন’বলে ৭ রান করে ফেরেন। অভিষেকের সঙ্গে ওপেন করতে নামা বৈভব সূর্যবংশী পাওয়ার প্লে-তে আগ্রাসী ব্যাটিং করে শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি গড়ে তোলে। ২১ বলে ৩৮ রান বৈভবের। তার ইনিংসে ছিল ছ’টি চার ও দু’টি ছক্কা। শ্রেয়স করেন ১৩। অক্ষর প্যাটেল (৮), তিলক বর্মা (২) এবং শিবম দুবেও বড় রান পাননি। ৮৭ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরে ভারতের ইনিংস সামলান ঈশান কিষান। স্পিন-সহায়ক পিচে ব্যাট হাতে ফের নজর কাড়েন। বল বুঝে খেলে ৪৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে চারটি চার ও পাঁচটি ছক্কা। ঈশানের ব্যাটে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান তোলে ভারত।
আরও পড়ুন:
১৭০ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস নামান বুমরাহ। দু’টি উইকেট-সহ মেডেন নেন তিনি। দ্বিতীয় ওভারের প্রথম বলেও উইকেট। মাত্র ৭ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। টপ অর্ডারের তিন ব্যাটারই শূন্য রানে ফেরেন। সেই ধাক্কা আর সামলাতে পারেনি তারা। নুয়ানিদু ফের্নান্দো ছাড়া কোনও ব্যাটার দু’অঙ্কে পৌঁছতে পারেননি। পিচের ফাটলে বল পড়ে ঘুরছিল বেশ ভালোই। সেই সুযোগ কাজে লাগিয়ে অক্ষর ও অভিষেক দু’টি করে এবং ওয়াশিংটন সুন্দর একটি উইকেট নেন। তিনটি রান আউটও করে ভারতীয় ফিল্ডাররা। শেষ পর্যন্ত মাত্র ৯.৫ ওভারে ৪৫ রানে অল আউট শ্রীলঙ্কা। অতিরিক্ত ১১ রান না হলে ব্যবধান আরও বড় হতে পারত।
১২৪ রানে ম্যাচ জেতে ভারত। কোনও টি-টোয়েন্টি প্রতিযোগিতার সেমিফাইনাল বা ফাইনালে এটাই সবচেয়ে বড় জয়ের ব্যবধান। এর আগে এই নজির ছিল ভারতেরই। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়েছিল তারা। ৪৫ রানে অলআউট হয়ে টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে লজ্জার নজির গড়ল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হয়ে যাওয়ার রেকর্ডের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ ভাবে রয়েছে শ্রীলঙ্কা। ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্যারিবিয়ান দলও ৪৫ রানে গুটিয়ে গিয়েছিল। শ্রীলঙ্কার পাঁচ ব্যাটার শূন্য রানে ফেরেন। যা এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ডাক-সংখ্যার যুগ্ম নজির। রথনায়েকের দুই হাতে উইকেট নেওয়ার কীর্তি অবশ্য নতুন নয়। ২০২৫ সালের জুনে গলে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই একই টেস্টে দু'হাতে উইকেট নেওয়া প্রথম বোলার হয়েছিলেন তিনি।