ফের টস জিতলেন শুভমান, দীর্ঘ অপেক্ষার পর ভাগ্য খুলল নবির
Prasenjit Dutta
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করেছে ভারত (India vs West Indies)। বিরাট কোহলির, শুভমান গিলের সেঞ্চুরির সঙ্গে পাওনা ছিল কুলদীপ যাদবের অনবদ্য স্পেল। এবার গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পালা। বর্ষাপাড়া স্টেডিয়ামে টস জিতে আগের ম্যাচের মতোই ক্যারিবিয়ান দলকে ব্যাট করতে পাঠালেন ভারত অধিনায়ক। এই ম্যাচে অভিষেক হচ্ছে জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবির (Auqib Nabi)। কেএল রাহুল তাঁকে ডেবিউ ক্যাপ তুলে দিলেন।
আগের দু’টি রনজি মরশুমে ১০৪টি উইকেট পেয়েছিলেন। গত রনজিতে আবার প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই। পরিসংখ্যান কথা বলছিল তাঁর হয়ে। তবু জাতীয় দলের দরজা খুলতে বহু অপেক্ষা করতে হয়েছে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবিকে। অবশেষে সেই অপেক্ষার অবসান। জশপ্রীত বুমরাহের জায়গায় শ্রীলঙ্কা সফরের ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। তাঁকে প্রথম একাদশে দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। অবশেষে তাঁদের প্রতীক্ষার অবসান হল। নীতীশ কুমার রেড্ডির জায়গায় সুযোগ পেয়েছেন আকিব নবি।
আরও পড়ুন:
গুয়াহাটির সবুজ উইকেটে শুরুতেই পেসারদের জন্য বাড়তি সাহায্য পাওয়ার আশা করছেন গিল। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে তিনি জানান, আগের মাঠের তুলনায় গুয়াহাটির পিচে ঘাস বেশি. কিছুটা অসমানও। গিলের কথায়, “এখানে একটু বেশি ঘাস রয়েছে। পিচটা কিছু জায়গায় খানিকটা প্যাচি দেখাচ্ছে। তাই শুরুতে পেসারদের জন্য কিছুটা বেশি সাহায্য থাকবে বলেই মনে হচ্ছে।” আগের ম্যাচে শুরুতে চাপের মুখে পড়েও ভারত যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, তাতে সন্তুষ্ট গিল। তবে গুয়াহাটির বেশি গরম ও আর্দ্র পরিবেশে পেসারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলেও মনে করছেন তিনি।
গিল বলেন, “প্রথম ২০-২৫ ওভারে আমরা চাপে পড়েছিলাম। সেখান থেকে যেভাবে ম্যাচে ফিরেছি, সেটা সত্যিই ভালো লেগেছে। এখানে আর্দ্রতা ও গরম দু'টোই বেশি। তাই আমাদের পেসারদের জন্য এটা চ্যালেঞ্জ।” মাঝের ওভারগুলিতে ফিল্ডিংয়ের মান আরও উন্নত করার কথাও জানিয়ে গিল বলেন, "মাঝের ওভারগুলিতে দুরন্ত ফিল্ডিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ ম্যাচে এই জায়গায় আমরা আরও একটু ভালো করতে পারতাম। আশা করছি, এই ম্যাচে ফিল্ডিং আরও ভালো হবে।" শক্তিশালী টপ অর্ডার নিয়েও আত্মবিশ্বাসী গিল। আগের ম্যাচে রোহিত শর্মার ভাল ছন্দে থাকাটাও তাঁকে আশাবাদী করেছে। গিল বলেন, "সবাইকে ভালো ছন্দে দেখিয়েছে। রোহিত ভাইও দারুণ ব্যাট করছিলেন। আশা করছি, এই ম্যাচেও সেই ধারা বজায় থাকবে।"
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (উইকেটরক্ষক), নমন ধীর, রবীন্দ্র জাদেজা, আকিব নবি, গুর্নুর ব্রার, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ।