লন্ডনে জোড়া ধর্ষণ কাণ্ডে পুলিশের জালে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার, শেষ কেরিয়ারও!
Arpan Das
জোড়া ধর্ষণে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার। ২৪ বছর বয়সি ক্রিকেটার রবিন দাস (Robin Das) ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলেন। গত ২৩ জুলাই লন্ডনে জোড়া ধর্ষণকাণ্ডে তাঁকে মূল অভিযুক্ত করা হয়েছে। অক্টোবরে তাঁকে আদালতে তোলা হবে। ধর্ষণের খবর প্রকাশ্যে আসার পরই রবিনকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এসেক্স কাউন্টি ক্লাব।
২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিকস্টনে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে রবিনের বিরুদ্ধে। যে কারণে গত বছরের ২৭ আগস্ট রবিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছিল পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে গত ২৩ জুলাই তাঁর বিরুদ্ধে দু'টি ধর্ষণের মামলা দায়ের করা হয়। ওয়ানডে কাপে মিডলসেক্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচের দুই দিন খেলার পরই তাঁকে সমন পাঠানো হয়। আগামী ৯ অক্টোবর লন্ডন ক্রাউন হোর্টে হাজিরা দিতে হবে রবিনকে।
আরও পড়ুন:
এক বিবৃতিতে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ‘ওয়ার্থাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে ২৩ জুলাই ধর্ষণের দু'টি অভিযোগ আনা হয়েছে। ২০২৪-এ ধর্ষণের অভিযোগে ২০২৫-র আগস্টে তাঁকে গ্রেপ্তার করা হয়।' এদিকে সামনে এসেক্সের খেলা রয়েছে। সেই ম্যাচের আগে তাঁকে বাদ দেওয়া হয়েছে। কাউন্টি ক্লাব থেকে জানানো হয়েছে, 'আমাদের এক পুরুষ ক্রিকেটার ক্লাবের বাইরের এক ঘটনার সূত্রে আদালতে হাজির হয়েছেন। আমরা ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এসেক্স ক্লাব সম্পূর্ণ আইনি পথ মেনে চলবে।' ফলে আদৌ ভবিষ্যতে সুযোগ পাবেন কি না, সেই প্রশ্ন রয়েছে।
উল্লেখ্য, রবিনের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। তাঁর বাবা বাংলাদেশি। ইংল্যান্ডে পাড়ি দেওয়ার আগে তিনি সিলেটে থাকতেন। রবিন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে গিয়েছেন। ২০২৩-এ তাঁকে দলে নিয়েছিল ঢাকা ডমিনেটার্স। দুই ম্যাচের দু'টিতেই শূন্য রানে আউট হন। অন্যদিকে ২০২০ থেকে এসেক্সের হয়ে খেলছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে একটি সেঞ্চুরি আছে।