প্রথম ওয়ানডের আগে চোট গিলের! রোহিতের সঙ্গে ওপেনে যশস্বী? মুখ খুললেন ভারতের কোচ
Arpan Das
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু। কামব্যাক হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলির। কিন্তু প্রশ্নও কম নয়। রোহিতকে কি প্রথম একাদশে দেখা যাবে? এর মধ্যে অনুশীলনে হাতে চোট লাগে অধিনায়ক গিলের। তিনি কি খেলতে পারবেন? নাকি শিকে ছিঁড়বে যশস্বী জয়সওয়ালের? সব নিয়ে মুখ খুললেন ভারতের সহকারী কোচ সীতাংশু কোটাক।
কেরলে প্রথম ওয়ানডেতে আচমকাই গিলকে নিয়ে প্রশ্ন উঠে যায়। অনুশীলনে মহম্মদ সিরাজের হঠাৎ লাফিয়ে ওঠা বল গিলের ডানহাতের কনুইয়ে এসে লাগে। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু হয়। তারপর দেখা যায়, প্রায় ২০ মিনিট মাঠের বাইরে বসে ছিলেন গিল। তাহলে কি ভারত অধিনায়ক প্রথম ম্যাচে খেলতে পারবেন? একটা সম্ভাবনা ছিল যে, গিলকে নিয়ে ঝুঁকি নেবে না ম্যানেজমেন্ট। বরং যশস্বীকে সুযোগ দেওয়া হতে পারে। শেষ যে ওয়ানডে খেলেছেন, সেখানে সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি ওপেনার।
আরও পড়ুন:
তবে কোটাক সেই সম্ভাবনা খারিজ করে দেন। তিনি বলেন, "আমার মনে হয়, গিল ভালো আছে। খেলতেও পারবে।" স্পষ্ট করে দেন, ওপেনে রোহিতের সঙ্গে গিলই খেলবেন। কোটাক জানান, "অনেক প্লেয়ার ভালো খেলছে। তাই প্রচুর প্রতিযোগিতাও আছে। আমরা সবাই জানি, যশস্বী এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা প্লেয়ার। যখন সুযোগ পায়, তখন ও পারফর্ম করবে। ও নিয়মিত অনুশীলন করছে। গৌতম গম্ভীর নিয়মিত ওর সঙ্গে কথা বলছে। কিন্তু যদি দলে তিনজন উইকেটকিপার থাকে, তাহলে একজন সুযোগ পায়। তাই যশস্বীর সঙ্গে কোনও অন্যায় হচ্ছে না। এটা খেলার অঙ্গ।"
তাহলে এখন কী করণীয়? গম্ভীরের সহকারী বলেন, "তাঁকে পরিশ্রম করে যেতে হবে। আর সুযোগের অপেক্ষা করতে হবে।" অন্যদিকে তিনি জানান, রবীন্দ্র জাডেজাকে বিশ্বকাপের দলে দেখা যেতে পারে। রোহিত-কোহলির মতো জাড্ডুর অভিজ্ঞতাও টিম ইন্ডিয়ার সম্পদ।