বোলিং গড় ৩৫২! টানা ব্যর্থতায় লজ্জার পরিসংখ্যান জাদেজার, বাঁচাতে পারল না রোহিতের পরামর্শও
Arpan Das
প্রতিটা ওয়ানডে এখন টিম ইন্ডিয়ার বিশ্বকাপের প্রস্তুতি। বিভিন্ন কম্বিনেশন ঘুরিয়ে-ফিরিয়ে দেখা হচ্ছে। সেখানে কি আদৌ 'ফিট' রবীন্দ্র জাদেজা। সাম্প্রতিক সময়ে একেবারেই সাফল্য নেই। কেরলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল হাতে পরিসংখ্যান বেশ খারাপ। এমনকী রোহিত শর্মার পরামর্শেও উইকেট তুলতে পারলেন না জাড্ডু। বিশ্বকাপের জায়গা কি ক্রমশ হারাচ্ছেন তিনি?
এশিয়াডের জন্য জাপানে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। সম্ভবত সেই কারণেই জাদেজা সুযোগ পেলেন। এদিন পুরো দশ ওভার হাত ঘুরিয়েছেন। ৫৪ রান দিয়ে একটিও উইকেট পাননি। আর এটা শুধু এই ম্যাচে নয়। গত চার ম্যাচে এই অবস্থা। শেষ উইকেট পেয়েছেন গত বছর। গত সাত ওয়ানডেতে ৫৮ ওভার বল করেছেন। রান দিয়েছেন ৩৫২। উইকেট একটি। অর্থাৎ বোলিং গড় ৩৫২!
আরও পড়ুন:
রোহিত শর্মা কিন্তু চেষ্টা করেছিলেন। ক্যারিবিয়ান ওপেনারদের দাপটের জন্য অধিনায়ক শুভমান গিল দ্রুত জাদেজাকে আক্রমণে নিয়ে এসেছিলেন। কিন্তু লাভের লাভ হয়নি। নিজের প্রথম ওভারেই জাদেজা ১৬ রান দেন। সেই স্পেলের সময় প্রাক্তন অধিনায়ক রোহিত জাদেজাকে বলেন, "জাড্ডু, একটু আস্তে বল কর। যদি দ্রুতগতির বল করিস, তাহলে ব্যাটে ভালোভাবে বল আসবে।" সেটাই হচ্ছিল। তবে জাদেজা এই পরামর্শ খুব একটা কাজে লাগাতে পারেননি।
৮ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন জাদেজা। টেস্ট দলে নিয়মিত হলেও ওয়ানডেতে জায়গা নিয়ে টানাটানি পড়ে গিয়েছে। আর এরকম পারফরম্যান্স চলতে থাকলে সত্যিই সমস্যায় পড়বেন। এই ম্যাচে অলরাউন্ডার নমন ধীরকে সুযোগ দেওয়া হয়েছে। অক্ষর, ওয়াশিংটনরা ফিরে এলে পরের নিউজিল্যান্ড সিরিজে আদৌ জাদেজা জায়গা পান কি না সেটাই দেখার।