হারের হ্যাটট্রিকের পর বাংলাদেশের বিরুদ্ধে কষ্টের জয়, কোনও মতে 'লাস্ট বয়ে'র লজ্জা এড়াল ভারত
Arpan Das
হারের হ্যাটট্রিকের পর শেষ ম্যাচে এসে জয়ের মুখ দেখল ভারত। তাও বাংলাদেশের বিরুদ্ধে বেশ কষ্ট করেই জিততে হল ক্রুণাল পাণ্ডিয়াদের। একেবারে শেষ বলে ম্যাচ জিতে অন্তত 'লাস্ট বয়' হওয়ার লজ্জা এড়ানো গেল। তারকাখচিত দল নিয়েও হংকং সিক্সেসে (Hong Kong Sixes) ১২ দলে টুর্নামেন্টে ভারত শেষ করল ১১তম স্থানে।
এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহীর কাছে হেরে যায় ভারত। তারপর ইংল্যান্ডের কাছেও পরাজয়। ১১-১২ তম স্থানের জন্য শেষ ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় বোলিংকে কিছুটা স্বস্তিতে দেখিয়েছে। তাতেও ১৮ বলে ৬২ রান করেন আবু হাইদার। অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া ২৫ রান দিয়ে ৩ উইকেট পান।
জবাবে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে ছিলেন শশাঙ্ক সিং। আইপিএলে পাঞ্জাব কিংসের ব্যাটার ১৫ বলে ৫০ রান করেন। রাহুল ত্রিপাঠী ১২ বলে ৩২ রান করেন। তবে নীতীশ রানার দুরবস্থা এই ম্যাচেও বদলায়নি। ৪ বলে ১০ রান করেন। শেষে রাহুল তেওয়াটিয়া চার-ছক্কা হাঁকিয়ে একেবারে শেষ বলে ভারতকে ম্যাচ জেতান। টুর্নামেন্টে এই প্রথম ম্যাচ জিতল ভারত। শেষ করল ১১তম স্থানে।
প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ বল বাকি থাকতেই ৪ উইকেটে হেরে যায় ভারত। তারপর আমিরশাহীর বিরুদ্ধে ৬ উইকেটে ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ রানে হারে। উল্লেখ্য, হংকং সিক্সেস টুর্নামেন্টটি তার অভিনবত্বের জন্য জনপ্রিয়। আইসিসি অনুমোদিত টুর্নামেন্টে এখন ১২টি দল খেলে। মূলত ৬ ওভারের ম্যাচ হয়, যেখানে একজন বোলার সর্বোচ্চ ২ ওভার বল করতে পারেন। এই টুর্নামেন্টে সাধারণত অবসর নেওয়া প্লেয়ার বা আনকোরা ক্রিকেটাররা খেলেন। কিন্তু ভারতীয় দল রীতিমতো তারকাসমৃদ্ধ। নিয়মিত আইপিএল বা প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেন। প্রথমে অধিনায়ক করা হয়েছিল ভুবনেশ্বর কুমারকে। তবে তিনি পরে ভারতীয় দলে ডাক পেয়ে যান।