বিদায় চেয়েছিলেন রোহিতের! দু'জনের সম্পর্ক কীরকম? গম্ভীর বললেন, 'ও জানে আমি কীরকম...'
Arpan Das
রোহিত শর্মার টেস্ট অবসরের নেপথ্যে নাকি গৌতম গম্ভীরের ভূমিকা রয়েছে। এমনকী ভারতের কোচ নাকি হিটম্যানকে ওয়ানডে থেকে সরাতেও উঠেপড়ে লেগেছেন। সত্যিই কি তাই? দু'জনের সম্পর্কের রসায়ন কীরকম? অবশেষে সেই নিয়ে মুখ খুললেন গম্ভীর। কোচিংয়ে আসার পর চারজন অধিনায়কের সঙ্গে কাজ করেছেন। যাবতীয় বিতর্ক সত্ত্বেও রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক যে 'স্পেশাল', সেটাই স্পষ্ট করলেন 'জিজি'।
কারণ, গম্ভীর যখন টিম ইন্ডিয়ায় ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত, তখন রোহিত দলে যোগ দেন। ফলে রোহিতকে বহুদিন ধরেই চেনেন। সেটাই তাঁদের সম্পর্ককে আলাদা করে দিয়েছে। সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে গম্ভীর বলেন, "আমাদের সম্পর্ক শুধু কোচ-অধিনায়কের ছিল না। রোহিত আমাকে অনেক আগে থেকে চেনে। এমন নয় যে, আমাদের মধ্যে নতুন যোগাযোগ হয়েছে। বা আমি বিদেশ থেকে কোচ হয়ে এসেছি। আমি জানি ও কীরকম খেলে। ও জানে আমি কীরকম মানুষ।"
আরও পড়ুন:
গম্ভীরের মতে, এই কারণে যে কোনও পরিস্থিতি সামাল দেওয়া সহজ হয়। দু'জনে একসঙ্গে সিদ্ধান্তে পৌঁছতে পারেন। তাঁর সংযোজন, "আমরা একে-অপরের চিন্তাভাবনা জানি। হতেই পারে কাল আমার মতামত বদলে গেল। আবার অধিনায়কের ভাবনাতেও বদল হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত দলের স্বার্থে যেটা ভালো, সেটারই সিদ্ধান্ত নেওয়া হয়। আমি চারজন অধিনায়কের সঙ্গে কাজ করেছি। সবার একটাই উদ্দেশ্য- ভারতীয় ক্রিকেটের সাফল্য।"
গম্ভীরের কোচিংয়ে এখনও পর্যন্ত রোহিত, সূর্যকুমার যাদব, শুভমান গিল ও শ্রেয়স আইয়ার নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে রোহিত-গম্ভীর সম্পর্ক নিয়ে বিতর্ক আছে। আচমকাই টেস্ট ছাড়েন হিটম্যান। তারপর সেই পথে পাড়ি দেন বিরাট কোহলিও। অন্যদিকে, তাঁকে নাকি ওয়ানডে থেকে বিদায়ের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পারফরম্যান্সে সব কিছুর জবাব দিয়েছেন রোহিত।