লক্ষ্য চুনকাম, মারকাটারি মানসিকতা নিয়েই চতুর্থ ম্যাচে ভারত, আরও চাপে কিউয়িরা
Subhajit Mandal
অভিষেক শর্মার ইনস্টাগ্রাম প্রোফাইল খুললে তাঁর একটা ছবি ইদানিং প্রায়শই দেখা যায়। ধ্যানমগ্ন অবস্থায় বসে ভারতীয় ওপেনার। হালফিলে সেঞ্চুরি করার পরেও মাঠে ধ্যান করার 'পোজ'-এ বসে পড়তে দেখা যাচ্ছে 'শর্মাজি কা বেটা'-কে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি স্মরণ করে দেখুন। ৩৫ বলে সেঞ্চুরি করার পর সে দিন সোজা মাঠে ধ্যানমগ্ন অবস্থায় বসে পড়েছিলেন অভিষেক। শুধু তাই নয়, পরে নিজের প্রোফাইল থেকে তার ছবিও দেন।
কেউ সিরিজের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে (India vs New Zealand) ২৯৭ স্ট্রাইক রেট রেখে ৩৮ বলে ১১৩ করে গেলে, তাঁকে নিয়েই। যে সর্বাধিক চর্চা-আলোচনা চলবে, সহজেই অনুমেয়। অভিষেক শর্মাও তার ব্যতিক্রম নন। তিনি বরাবরই শৌর্যবান ক্রিকেটার। কিন্তু সময় সময় সে দ্যুতি এতটাই সর্বগ্রাসী হয় যে, বাকি কাউকে আর চোখেই পড়ে না। বৃহস্পতিবারকেই ধরা যাক। আজ শুক্রবার, অকল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ। ইতিমধ্যে সিরিজের ভাগ্য নির্ধারণ শেষ। ভারত ৩-০ লিড করছে সিরিজে। দেখতে গেলে, নিষ্ফলা ম্যাচ। ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তিলক বর্মা এসেছিলেন প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলন করতে। যাঁকে অধুনা সাধের তিন নম্বর জায়গা ছেড়ে দিয়ে পাঁচ কিংবা ছ'নম্বরে যেতে হচ্ছে। তা, তিনি এ দিন নিজের পরিবর্তিত মানসিকতার কথা বলছিলেন। তিলক বলছিলেন যে, আগে ক্রিজে নেমে তিনি কিছুটা থিতু হওয়ার চেষ্টা করতেন। সময় কাটাতেন। তার পর প্রহারের রাস্তায় হাঁটতেন। কিন্তু সে সমস্তের পাট বর্তমানে চুকিয়ে দিয়েছেন। এখন তাঁর সামনে একটাই নিশানা পড়ে থাকে-প্রথম বল থেকে মার। মুশকিল হল, তিলক বলছেন বটে। কিন্তু মন দিয়ে সে সমস্ত টেকনিক্যাল ব্যাপারস্যাপার শুনছে কে? বরং আপামর ক্রিকেটপ্রেমীরা অনেক বেশি আগ্রহী জানতে যে, অভিষেক শর্মা কী করলেন? কী করছেন? যাঁর ধ্যানমগ্ন অবস্থার ছবির একখানা খাসা নাম হয়েছে-'কাম আফটার দ্য স্টর্ম!' এ দিন দেখা গেল, সানরাইজার্স হায়দরাবাদের মতো কোনও কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি অভিষেকের একটা 'রিল' দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে তিনি আর ঈশান কিষান টিম বাসে বসে। ঈশান মজা করে অভিষেককে উদ্দেশ্য করে বলছেন, "বাকিদের মানসিক স্বাস্থ্যের দফারফা করে আমার ভাই নিজে ধ্যান করে।"
আরও পড়ুন:
এক্ষেত্রে কাদের মানসিক স্বাস্থ্যের দফারফার কথা বলা হচ্ছে, সহজবোধ্য। প্রতিপক্ষ বোলারকুল। যাঁদের সময়-সময় অভিষেকের সামনে পড়ে 'ছেড়ে দে মা, কেঁদে বাঁচি' দশা দাঁড়াচ্ছে। সাধে আর তিলক বর্মা এ দিন হুংকার দিয়ে গেলেন যে, তাঁরা সিরিজ ৫-০ জেতার কথা ভাবছেন। অর্থাৎ, নিউজিল্যান্ডকে তাদেরই দেশের মাঠে টি-টোয়েন্টি সিরিজে চুনকাম করে ফিরতে চাইছে ভারত! "আমরা ক্লিন সুইপ করার বড় সুযোগ দেখতে পাচ্ছি। আমাদের পরবর্তী লক্ষ্য, চতুর্থ ম্যাচ জেতা। তার পর পঞ্চম। আমরা শুধু টি-২০ সিরিজ খেলতে আসিনি নিউজিল্যান্ডে। এরপর ওয়ানডে সিরিজ আছে। টেস্ট সিরিজ আছে। গৌতম স্যর (ভারতীয় কোচ গৌতম গম্ভীর) টিম মিটিংয়ে আমাদের বলে দিয়েছেন, টি-টোয়েন্টি সিরিজে আমরা কেমন খেলছি, তা পরবর্তী দু'টো সিরিজের (ওয়ানডে এবং টেস্ট) মানদণ্ড বেঁধে দেবে। শুধু তাই নয়, সেই দু'টো সিরিজ জয়ের বিশ্বাসও জোগাবে। তা ছাড়া এই পর্যায়ে এসে কোনও অজুহাত দেওয়ার জায়গা থাকে না। আমরা সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলছি। খেলার যে মানদণ্ড আমরা তৈরি করব, তা পরবর্তী প্রজন্ম অনুসরণ করবে।"
ঠিক কোন মানসিকতা নিয়ে এরপর ভারত আজ অকল্যান্ড-যুদ্ধে নামবে, সন্দেহ থাকার কথা নয়। ও দিকে, ব্ল্যাক ক্যাপসদের বেহাল দশা থামাথামির কোনও চিহ্ন নেই। ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজ হেরে গিয়েছে তারা। তার উপর বাকি সিরিজ থেকে ছিটকে গেলেন কিউয়ি পেসার লকি ফার্গুসন। কাফ মাসলে চোট পেয়ে। তাঁর জায়গায় স্কোয়াডে নেওয়া হয়েছে ম্যাট ফিশারকে। যাক গে। বদল একটা ভারতের তরফেও হতে পারে। সিরিজের ভাগ্য নির্ধারণ সম্পন্ন বলে, আজ খেলিয়ে দেওয়া হতে পারে কুলদীপ যাদবকে।