নজরকাড়া ইনিংসের পরও বৈভবকে বসিয়ে দিলেন গম্ভীর, 'অবিচার' নিয়ে প্রশ্ন নেট দুনিয়ায়
Prasenjit Dutta
দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই ভারতের প্রথম একাদশ থেকে বাদ পড়তে হল বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)। শেষ ম্যাচে ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেও জায়গা পাকা করতে পারল না ১৫ বছরের তরুণ ব্যাটার। তাকে শেষমেশ বসিয়েই দিলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথম একাদশে দু'টি বদল ভারতের। চোট সারিয়ে ফিরলেন ঈশান কিষান। তাঁর জায়গায় সুযোগ পাওয়া বৈভবকে আবার বসতে হল। অন্যদিকে, ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে এসেছেন ময়ঙ্ক যাদব। ঈশানের চোটের কারণেই প্রথম একাদশে সুযোগ পেয়েছিল বৈভব। কিন্তু ঈশান সুস্থ হতেই তরুণ ব্যাটারকে সরিয়ে দেওয়া হল। ১৫ বছরের বৈভবের প্রতিভা নিয়ে কোনও সংশয় না থাকলেও, এখনই তাঁকে নিয়মিত প্রথম একাদশে রাখার পথে হাঁটছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সিনিয়রদের উপরই আপাতত বেশি ভরসা রাখছেন কোচ গৌতম গম্ভীরেরা। যদিও তাঁর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। নেটিজেনদের অনেকেই বলছেন, 'ব্যাপারটা জুনিয়র বা সিনিয়র নয়। দলে সুযোগের পর পারফরম্যান্সই এক্ষেত্রে মানদণ্ড হোক। এক্ষেত্রে ভালো খেলেও বাদ পড়তে হল বৈভবকে।'
আরও পড়ুন:
টসের পর ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ারও জানিয়ে দেন, দলে দু'টি পরিবর্তন হয়েছে। ঈশান ফিরেছেন বৈভবের জায়গায়। আর ভুবনেশ্বরের পরিবর্তে সুযোগ পেয়েছেন ময়ঙ্ক। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। আগের ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি শ্রেয়স। প্রথম বল থেকেই ইতিবাচক মানসিকতার ক্ষমতার প্রশংসা করেছেন তিনি। শ্রেয়স বলেন, "প্রথম বল থেকেই ছেলেদের আগ্রাসী মানসিকতা প্রশংসনীয় ছিল। সবচেয়ে ভালো লেগেছে, ওরা পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছিল। আমরা বুঝেছিলাম, জোরে বা হাফ-ভলি বল করলেই তা গ্যালারিতে চলে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব ইয়র্কার করাই ভালো। বোলারেরা সেই পরিকল্পনা দারুণ ভাবে কার্যকর করেছে।"
সিরিজ জিতে গেলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ভারত অধিনায়ক। তাঁর কথায়, "সিরিজ জিতেছি ঠিকই। কিন্তু এখনও অর্ধেক কাজ বাকি। ফল যা-ই হোক, আমাদের আগ্রাসী থাকতে হবে। সকলকে সেই বার্তাই দেওয়া হয়েছে। পরিস্থিতি যেমনই হোক, মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। দলের প্রত্যেকেই এখন দারুণ ছন্দে রয়েছে।" পরিবেশ এবং আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন শ্রেয়স। তাঁর কথায়, "হাওয়াও যেন সব জায়গায় আমাদের সঙ্গে ঘুরছে! বারবার ঠান্ডা পড়ছে। তবে আমরা কোনও খামতি রাখতে চাই না। এটাই আমাদের মানসিকতা।" পিচে ঘাস থাকায় বোলারদের জন্য সাহায্য থাকবে বলে মনে করছেন ভারত অধিনায়ক। তাঁর আশা, বল ভালো বাউন্স করবে। সিম মুভমেন্টও পাওয়া যাবে। সেই কারণেই কিউয়ি দলকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন।
ভারত (প্রথম একাদশ):
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, নমন ধীর, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, ময়ঙ্ক যাদব, প্রিন্স যাদব।