৪৪-এও অবসর নয়, দেশের ক্লাবে সুযোগ না পেয়ে এবার ভিনদেশে 'নিজের' ক্লাবে খেলবেন অ্যান্ডারসন
Subhajit Mandal
তাঁর বয়স ৪৪। জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছেন। একপ্রকার অসম্মানজনকভাবে তাঁকে সরানো হয়েছে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার থেকেও। তবু ক্রিকেট ছাড়তে নারাজ কিংবদন্তি ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson)। এবার বিদেশের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন তিনি। ইটালির টি-২০ লিগে নাম লিখিয়েছেন অ্যান্ডারসন।
ইটালির টি-১০ লিগে নাপোলির ক্লাব নাপোলি নাইটসের অধিনায়ক করা হয়েছে তাঁকে। এই ক্লাবের অন্যতম মালিকও তিনি। ফলে সেখানে তাঁর বাদ পড়ার বিশেষ সম্ভাবনা নেই। ল্যাঙ্কাশায়ারে অ্যান্ডারসনের সঙ্গে খেলা উইকেটরক্ষক লুক সুটনও যোগ দিয়েছেন ইটালির ক্লাবে। কেন ৪৪-এ নতুন করে ইটালির লিগে যোগ? অ্যান্ডারসন বলছেন, "ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। এ বার সময় হয়েছে ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার। আশা করছি ইটালির ক্রিকেটে কিছুটা উন্নতি করতে পারব।"
আরও পড়ুন:
ইংল্যান্ডের জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ল্যাঙ্কাশায়ারের হয়েই কাউন্টি ক্রিকেটে খেলছিলেন অ্যান্ডারসন। ২০২৫ সালে মরশুমের মাঝপথে দলের অধিনায়কত্বের দায়িত্বও তুলে দেওয়া হয় তাঁর হাতে। ২০২৬ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে তাঁর নেতৃত্বেই মাঠে নামে ল্যাঙ্কাশায়ার। যদিও দলের পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না। তবে ব্যক্তিগত ভাবে সফল ছিলেন অ্যান্ডারসন। ১৭.৬৮ গড়ে ৫০টি উইকেট নিয়েছিলেন তিনি। বয়স যে তাঁর বোলিংয়ের ধার কমাতে পারেনি, বল হাতে তার প্রমাণ দিয়েছেন বারবার। তবু নতুন মরশুমে আর তাঁকে দলে রাখতে চাইছে না ক্লাব।
নতুন চিফ এক্সিকিউটিভ রিচার্ড কেনিয়ন দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে নতুন করে সাজানোর পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনায় জায়গা হয়নি অভিজ্ঞ পেসারের। ফলে যে ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরু, সেখান থেকেই কার্যত বিদায় নিতে হচ্ছে তাঁকে। মনে করা হচ্ছিল, ল্যাঙ্কাশায়ার পর্ব মিটে যাওয়ার পর হয়তো বাধ্য হয়েই অবসর ঘোষণা করবেন কিংবদন্তি পেসার। কিন্তু সে পথে না হেঁটে ইটালির ক্লাবে নাম লেখালেন তিনি।