কিং-প্রিন্সের ব্যর্থতার দিনে উজ্জ্বল সেঞ্চুরি রাহুলের, ধাক্কা সামলে সাড়ে তিনশোর গণ্ডি পার ভারতের
Anwesha Adhikary
আগের ম্যাচে এই বোলারদেরই পিটিয়ে ছাতু করে দিয়েছিলেন শুভমান গিলরা। কিন্তু শনিবার নিয়মরক্ষার ম্যাচে সেই বোলিং লাইন আপের সামনেই অসহায় হয়ে পড়ল ভারতের টপ অর্ডার। প্রথম বলেই আউট হলেন বিরাট কোহলি। গত ম্যাচে ডবল সেঞ্চুরি করা গিলও এদিন ব্যর্থ। কিন্তু তথাকথিত মহাতারকাদের ব্যর্থতার দিনে ভারতের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠলেন কে এল রাহুল (KL Rahul)। অনবদ্য শতরানে দলের রান সাড়ে তিনশোয় পৌঁছে দিলেন।
টসে জিতে এদিন প্রথমে ব্যাট করতে নামে ভারত। চোট পেয়ে ছিটকে যাওয়া প্রসিদ্ধ কৃষ্ণর বদলে এদিন সুযোগ দেওয়া হয় অংশুল কম্বোজকে। প্রথম ওয়ানডে খেলতে নামলেন এই তরুণ অলরাউন্ডার। কিন্তু মুল্লানপুরের স্টেডিয়ামে আচমকাই ভারতের ব্যাটিং ভেঙে পড়ে। প্রথম পাঁচ ওভারে একেবারে রানই তুলতে পারেনি মেন ইন ব্লু। তৃতীয় ওভারে আউট হয়ে যান গিল। সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকানো কোহলি নেমে প্রথম বলেই আউট হয়ে গেলেন। মাঝে একটা ওয়াইড বল বাদ দিলে পরপর দুই বলে দুই উইকেট। তৃতীয় ওভারে ভারত তখন ৪-২ স্কোরে ধুঁকছে।
আরও পড়ুন:
সেখান থেকে দলকে টেনে তোলার কাজটা শুরু করেন রোহিত শর্মা এবং রুতুরাজ গায়কোয়াড়। একেবারে স্বভাববিরুদ্ধ ভঙ্গিতে এদিন ব্যাট করেন রোহিত। একটা সময়ে তাঁর রানের সংখ্যা ছিল বলের সংখ্যার প্রায় অর্ধেক। সেখান থেকে ২৫ ওভার পর্যন্ত ব্যাট করলেন। কিন্তু রান তোলার জন্য আগ্রাসী শট খেলতে গিয়ে ৯২ রানে আউট হয়ে গেলেন। রুতুরাজ সেট হলেন, হাফসেঞ্চুরি করলেন কিন্তু শেষে ছুড়ে দিয়ে এলেন নিজের উইকেটটা।
২৫ তম ওভারে যখন রাহুল মাঠে নামলেন, ভারত তখন সাড়ে তিনশোর পেরবে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় ছিল। কিন্তু টেলএন্ডারদের সঙ্গে জুটি বেঁধে রাহুল এগিয়ে নিয়ে গেলেন ভারতীয় ইনিংসকে। শেষ পর্যন্ত তিনি ৮৭ বলে ১২৯ রান করে অপরাজিত থাকলেন। ওয়ানডে কেরিয়ারে এটাই তাঁর সেরা ইনিংস। প্রথম ম্যাচ খেলতে নেমে ৯ বলে ১৭ রানের ঝকঝকে ক্যামিও খেললেন অংশুল। ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস এল নমন ধীরের ব্যাট থেকেও। শেষ পর্যন্ত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ভারত তুলল ৩৫১ রান।