'ট্রফিচোর' নকভিকে সবাই মিলে ঘাড়ধাক্কা! এবার এশিয়ার মাথায় বাংলাদেশি তারকা, পাশে ভারতও?
Arpan Das
'ট্রফিচোর' মহসিন নকভিকে (Mohsin Naqvi) নিয়ে বিরক্ত সব দেশ। এশিয়ার কোনও ক্রিকেট টুর্নামেন্ট মানেই তিনি বিতর্ক তৈরি করতে হাজির হন। তবে এবার একজোট হয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদ থেকে নকভিকে কার্যত সরিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গায় বসতে পারেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল। প্রশ্ন হচ্ছে, নকভির অপসারণ ও তামিমের 'এন্ট্রি'র নেপথ্যে মূল অঙ্ক কি বিসিসিআই কষছে?
নকভি পাক বোর্ডের প্রধান। ২০২৫-এ নকভি এসিসি-র প্রধান হন। ২০২৭-র এপ্রিলে সেই মেয়াদ শেষ হতে চলেছে। অবশ্য তারপরও তাঁকে ওই পদে দেখা যেতে পারত। এসিসি সদস্যরা সমর্থন করলে দু’বছরের পর একবছর বাড়তি থাকা যায়। যেরকম জয় শাহর ক্ষেত্রে হয়েছিল। কিন্তু নকভিকে এই বাড়তি সময় দিতে রাজি নয় অধিকাংশ দেশ। জানা গিয়েছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে অন্তত তিনটি দেশ নকভির বিরোধী। কারণ, পাক মন্ত্রীর মূল কাজ বিতর্ক বাঁধানো। বিশেষ করে যদি ভারত সেই প্রতিযোগিতায় থাকে।
এবার তাঁর জায়গায় আসতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল। যিনি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান। নিয়ম অনুযায়ী, চার দেশের বোর্ড প্রধানরা ঘুরিয়ে-ফিরিয়ে এসিসি'র চেয়ারম্যান হন। জয় শাহ, শ্রীলঙ্কার সাম্মি সিলভা ও পাকিস্তানের মহসিন নকভির পর এবার বাংলাদেশের পালা। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, তামিম জানিয়ে দিয়েছেন যে তিনি দায়িত্ব নিতে আগ্রহী। আর ভারত যদি তামিমের পাশে থাকে, তাহলে আগামী বছরের আগস্ট পর্যন্ত বার্ষিক সভার আগেই ঘাড়ধাক্কা খাবে নকভি।
সাম্প্রতিক সময়ে, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে একাধিকবার বার্তা দিয়েছেন তামিম। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের আগের অবস্থানের বারবার বিরোধিতা করেছেন। ভারতের সঙ্গে সিরিজ করতেও আগ্রহী। অন্যদিকে ভারত দু’বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে পায়নি। নেপথ্যে ‘ট্রফিচোর’ মহসিন নকভি। গতবছর পুরুষদের ও এবার মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু টিম ইন্ডিয়াকে প্রাপ্য ট্রফি দেননি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভি। সেই প্রহসন শেষ হতে চলেছে। ফলে আগামী বছর জোড়া এশিয়া কাপ দেশে ফিরতে পারে।