রোহিতকে ব্যাটিং শেখাবেন তাঁরই সতীর্থ! একসঙ্গে চার কোচের নাম ঘোষণা মুম্বই ইন্ডিয়ান্সের
Subhajit Mandal
চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আইপিএলের সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজিই নতুন মরশুমের আগে নিজেদের খোলনলচে বদলে ফেলছে। চেন্নাই আগেই গোটা কোচিং স্টাফ বদলে নতুন রূপে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার একই পথে হাঁটল মুম্বই ইন্ডিয়ান্সও। একযোগে চার নতুন কোচ নিয়োগ করল রোহিতদের দল। এর মধ্যে ৩ জন আবার কোনও না কোনওভাবে অতীতে মুম্বইয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
বৃহস্পতিবারই একযোগে লাসিথ মালিঙ্গা, পরস মামব্রে ও কার্ল হপকিনসনকে নিজেদের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় মুম্বই। মুম্বইয়ের সঙ্গে মালিঙ্গার সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর ঝুলিতে রয়েছে চারটি আইপিএল খেতাব। ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়েও বড় অবদান রাখেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও মেন্টর ও কোচ হিসাবে মুম্বইয়ের সঙ্গে যুক্ত ছিলেন মালিঙ্গা। মামব্রেও মুম্বইয়ের পরিচিত মুখ। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত দলের সঙ্গে যুক্ত থাকার পরে ২০২৪ সালে ফের কোচিং বিভাগে প্রত্যাবর্তন হয় তাঁর। ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ২০২৫ সালের মরশুমের আগে মুম্বইয়ে যোগ দিয়েছিলেন হপকিনসন। দলের ফিল্ডিংয়ের মান উন্নত করার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।
আরও পড়ুন:
এই তিন অভিজ্ঞ কোচের বদলে মুম্বই কাদের আনে সেটাই ছিল দেখার। শুক্রবার একযোগে চার কোচের নাম ঘোষণা করল আম্বানিদের ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসাবে এলেন রবীন উথাপ্পা। একসময় মুম্বইয়ের জার্সিতে খেলেছেন উথাপ্পা। জাতীয় দলে রোহিত শর্মার সতীর্থও ছিলেন। তিনিই এবার রোহিতদের ব্যাটিংয়ের ভুলত্রুটি তুলে ধরার কাজে। বোলিং কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে কিউয়ি পেসার মিচেল ম্যাকক্ল্যানাঘানকে। তিনিও একসময় মুম্বইয়ের জার্সিতে খেলেছেন।
মুম্বই ফিল্ডিং কোচ করেছে ভারতের জাতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ টি দিলীপকে। জাতীয় দলের হয়ে একাধিক আইসিসি ট্রফি রয়েছে তাঁর। মুম্বই নিজেদের প্রাক্তন পেসার ধবল কুলকর্ণীকেও কোচিং স্টাফে শামিল করেছে মুম্বই। তিনি কাজ করবেন ডেভেলপমেন্টাল বোলিং কোচ হিসাবে। ধবলও আগে মুম্বইয়ের হয়ে খেলেছেন।