বিশ্বকাপে পাকিস্তানের লক্ষ্য শুধু... মহারণের সূচি ঘোষণা হতেই বাবরদের চরম কটাক্ষ পার্থিবের
Prasenjit Dutta
আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। প্রতিযোগিতা শুরু হবে ২ অক্টোবর। ৭ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিনদিন পরই ১০ অক্টোবর বহু প্রতীক্ষিত ভারত-পাক ম্যাচ। সূচি প্রকাশ হতেই পাকিস্তানকে খোঁচা দিতে ছাড়লেন না পার্থিব প্যাটেল। বাবর আজমদের কী বলেছেন প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার?
বিশ্বকাপের নতুন ফরম্যাটে পাকিস্তানের গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে এবং আফগানিস্তান। এই পাঁচ দলের সঙ্গে যোগ দেবে কোয়ালিফায়ার 'এ'। ১২ দলকে দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের প্রথম তিনটি দল যাবে 'সুপার সেভেন' পর্বে। বাকি ছ'টি টিমের মধ্যে যে টিম সেরা হবে তারা পরবর্তী রাউন্ডের টিকিট পাবে। তবে গ্রুপ পর্বের কোনও পয়েন্ট সুপার সেভেনে কাউন্ট হবে না। ফলে দ্বিতীয় পর্বে প্রতিটি দলই খেলবে ছ'টি করে ম্যাচ।
আরও পড়ুন:
এই ফরম্যাটের কথা মাথায় রেখেই পাকিস্তানকে কটাক্ষ করেন পার্থিব। স্টার স্পোর্টসে সূচি নিয়ে আলোচনার সময় তিনি বলেন, "দলগুলি নিজেদের মানসিকতা অনুযায়ী ভাবে। ভারত হয়তো ভাবছে, অন্তত সেমিফাইনালে তো পৌঁছতেই হবে। আর এই সূচি দেখে পাকিস্তান হয়তো ভাবছে, 'সুপার সেভেনে তো আমরা উঠবই, তার পরে দেখা যাবে কী হয়'!" এর পরেই আরও এক ধাপ এগিয়ে পার্থিবের মন্তব্য, "এই সূচি দেখে পাকিস্তান নিশ্চয়ই খুশি। ওরা হয়তো ভাবছে, দ্বিতীয় রাউন্ডে আমরা পৌঁছে যাবই।"
১৪ দলের এই প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। যৌথ আয়োজক হিসাবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে সরাসরি যোগ্যতা অর্জন করেছে প্রতিযোগিতায় খেলার। পাশাপাশি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি পুরুষদের ওয়ানডে দলীয় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও আটটি দল তাদের স্থান নিশ্চিত করেছে। বাকি চারটি দলের ভাগ্য নির্ধারিত হবে ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে। উল্লেখ্য, ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের অভিযান শেষ হয়েছিল লিগ পর্বেই। ন'টি ম্যাচে চারটিতে জিতে পঞ্চম স্থানে শেষ করেছিল তারা। অন্যদিকে, ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।