আগুনে বোলিং বাংলার মুকেশ-আকাশের, লক্ষ্মীর কোচিংয়ে ইরানি কাপ জিতল পন্থের অবশিষ্ট ভারত
Arpan Das
ইরানি কাপ (Irani Cup) জিতল অবশিষ্ট ভারত। মুকেশ কুমার ও আকাশ দীপ, দুই বাংলার পেসারের দাপটে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় পেল ঋষভ পন্থের দল। গত মরশুমের রনজি চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীর। তাদের ঘরের মাঠেই সাফল্য পেল অবশিষ্ট ভারত। এই দলের ব্যাটিং কোচ বাংলার লক্ষ্মীরতন শুক্লা।
প্রথমে ব্যাট করে অবশিষ্ট ভারত তোলে ২৩৭ রান। অধিনায়ক ঋষভ পন্থ বা বাংলার সুদীপ কুমার ঘরামি রান পাননি। জবাবে জম্মু ও কাশ্মীর ২৭৮ রান করে। অধিনায়ক পরশ ডোগরা ৭৫ রান করেন। মুকেশ চৌধুরী ২ উইকেট এবং আকাশ দীপ ৩ উইকেট পান। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অবশিষ্ট ভারত ৩১৯ রান করে। সেঞ্চুরি করেন রবিচন্দ্রন স্মরণ (১৩৫)। এই ইনিংসেও রান পেলেন না পন্থ। ব্যর্থ সরফরাজ খান।
আরও পড়ুন:
জিততে হলে জম্মু ও কাশ্মীরকে ২৭৯ রান করতে হত। শুরুটা খারাপ করেনি। প্রথম উইকেট পড়ে ৫৪ রানের মাথায়। কামরান ইকবালকে ফিরিয়ে দেন আকাশ দীপ। এরপর বাংলার হয়ে খেলা দুই পেসারের বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জম্মু ও কাশ্মীরের ব্যাটিং। মুকেশ কুমারের শিকার ৬ জন। মাত্র ৩৩ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন মুকেশ। অন্যদিকে ২৫ রান দিয়ে আকাশের শিকার ৩ উইকেট। জম্মু ও কাশ্মীরের ইনিংস শেষ হয় ১১১ রানে। অবশিষ্ট ভারত জেতে ১৬৭ রানে।
ভারতের হয়ে ভালো শুরু করার পর চোটের কবলে পড়েন আকাশ দীপ। কামব্যাকের লড়াইয়ে ইরানি কাপের দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট পেলেন। অন্যদিকে মুকেশ কুমারের সংগ্রহ ৭ উইকেট। সামনেই রনজি মরশুম। তার আগে দুই পেসারের দাপট স্বস্তি দেবে বাংলা দলকেও।