শেষ বিশ্বকাপে সর্বস্ব বাজি রাখতে তৈরি কোহলি, 'অসমাপ্ত কাজ' শেষ করার চ্যালেঞ্জ রোহিতের
Arpan Das
গতবার কাপ আর ঠোঁটের মধ্যে একটু দূরত্ব রয়ে গিয়েছিল। ২০২৩-এ গোটা দেশকে কাঁদিয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা হয়নি টিম ইন্ডিয়ার। সেই আক্ষেপ সুদে-আসলে পুষিয়ে দিতে চান বিরাট কোহলি ও রোহিত শর্মা (Virat-Rohit)। আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। কোহলি জানিয়ে দিলেন, সেটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। আর তার জন্য সর্বস্ব দিতে তৈরি 'কিং' ও 'হিটম্যান'।
টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক শুভমান গিল। তবে আজও ভক্তদের আশাভরসার জায়গা রোহিত ও বিরাট। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তার আগে জিওস্টারে কোহলি বলছেন, "৫০ ওভারের বিশ্বকাপের থেকে বেশি উন্মাদনা আর কিছুতে নেই। এখন প্রচুর টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়। সেখানে বিশ্বকাপের মতো একটি বড় টুর্নামেন্টে ১০টা ম্যাচে উন্মাদনা বজায় রাখা কঠিন। এবার বিশ্বকাপ হবে বিদেশে। যা আরও পরিশ্রমের। এটা আমার শেষ বিশ্বকাপ। সেটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। বিশ্বকাপ জেতাটাই লক্ষ্য। তার জন্য যা করতে হবে, আমি করতে রাজি।"
আরও পড়ুন:
অন্যদিকে রোহিত বললেন, "আমি কখনই মনে করি না, আমার কাজ শেষ হয়ে গিয়েছে। আমার কাজ বাকি আছে। যতদিন খেলব, ততদিন সামনে এগিয়ে যেতে চাই। এখন লক্ষ্য বিশ্বকাপ। সেটার জন্য অপেক্ষা করছি। বিশ্বকাপ বা যে কোনও আইসিসি টুর্নামেন্ট খেলা সবসময় কঠিন। কারণ বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়। তার জন্য প্রস্তুতি নিতে হয়। সেটা চ্যালেঞ্জের।"
গতবার রোহিত অধিনায়ক ছিলেন। এবার অধিনায়ক শুভমান গিল। এখনও অনেক কিছু শেখা বাকি। পাশে রোহিত-বিরাটের মতো অভিজ্ঞরা আছেন। কোহলি মনে করেন গিল, দীর্ঘদিন ভারতকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিতে পারবেন। তিনি বলেন, "গিল তরুণ অধিনায়ক। তা সত্ত্বেও ওর মধ্যে ভারতকে নেতৃত্ব দেওয়ার তাগিদ ও ক্ষমতা রয়েছে। ও জানে মাঠের মধ্যে কী করতে হবে। এটা ঠিক যে, আরও অভিজ্ঞতা অর্জন করলে উন্নতি করবে। তবে আমি মনে করি, ও দীর্ঘদিন ভারতের অধিনায়ক থাকবে।"