'মা বারণ করেছেন', নকভির প্রস্তাব সত্ত্বেও পাকিস্তান বোর্ডের দায়িত্ব নিচ্ছেন না আখতার
Prasenjit Dutta
পাকিস্তান ক্রিকেটে দুরবস্থা অব্যাহত। সব ধরনের ক্রিকেটে ব্যর্থতা আর ব্যর্থতা। তার উপর এশিয়ান গেমস ফাইনালে শ্রেয়স আইয়ারের ভারতের কাছে হার মেনে সোনা হাতছাড়া হয়েছে পাক দলের। সেদেশের ক্রিকেটের 'সুদিন' ফেরাতে পদক্ষেপ নিয়েছিলেন পিসিবি প্রধান মহসিন নকভি। জানা গিয়েছিল প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতারকে বড় দায়িত্ব দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস সাফ জানিয়ে দিলেন, সেই সম্ভাবনা নেই। তিনি যোগ দিচ্ছেন না বোর্ডে।
প্রশ্ন হল, কেন এমন সিদ্ধান্ত? আখতারের এ হেন সিদ্ধান্তের নেপথ্যে মায়ের পরামর্শ। কিছুদিন আগেই ইংল্যান্ডে টেস্ট সিরিজে চুনকাম হয়ে এসেছেন বাবর আজমরা। বহুদেশীয় প্রতিযোগিতায় শেষ সাফল্য এসেছে বছর দশেক আগে। ভারতের বিরুদ্ধে নামলে শুধু হার আর হার। দেশের মধ্যে সমালোচনার ঝড়। কোচ বা অধিনায়ক বদলে লাভ হয়নি। এমনকী নির্বাচকদেরও সরিয়ে দেওয়া হয়েছে। এত কিছুর পর আখতারের দ্বারস্থ হয়েছিলেন নকভি। দু’জনের মধ্যে সম্পর্ক বেশ ভালো। তাই অনেকেই ভেবেছিলেন, আখতার হয়তো রাজি হয়ে যাবেন। শোনা যাচ্ছিল, তাঁকে মুখ্য নির্বাচক করা হতে পারে।
আরও পড়ুন:
তবে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আখতার বলেন, "এমন কিছুই তো হয়নি। যা শোনা গিয়েছে, সেটা জল্পনা ছাড়া আর কিছুই নয়। তবে আমার মা বারণ করেছে রাজনীতি ও পিসিবি থেকে দূরে থাকতে। সেই পরামর্শই মানব।" কিছুদিন আগে আখতারের ভাই প্রয়াত হন। নকভি তখন তাঁর সঙ্গে দেখা করে কথা বলেন। এর আগে শোয়েব নকভির বহু সিদ্ধান্ত ও পাকিস্তান ক্রিকেটের অনেক সমালোচনা করেছেন। কিন্তু নকভির এই আচরণ শোয়েবকে মুগ্ধ করেছিল।
সম্প্রতি নকভির সঙ্গে ফের দেখা করেন আখতার। পাক বোর্ড প্রধান তাঁকে জাতীয় ট্রেনিং ক্যাম্পে আমন্ত্রণ করেন। জানা যায়, আখতারকে পিসিবি-র কোনও এক পদে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল। শোয়েবও নাকি শর্ত দিয়েছিলেন। তবে নকভির সঙ্গে তাঁর দেখা করার বিষয়টি অস্বীকার করেছেন আখতার। তিনি জানান, আমেরিকার হিউস্টনে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন। আর এবার পাকিস্তান ক্রিকেটের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি জানিয়েছেন, পিসিবি-র কোনও পদ গ্রহণ করতে রাজি নন। তবে এও জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেটকে সেবা করার অন্য অনেক উপায় আছে।