ব্যবসার বিশ্ববাজারে 'লক্ষ্মী' গিল! রোনাল্ডো-মেসিদেরও হারালেন ভারত অধিনায়ক, কোথায় রো-কো?
মোট ৫০ জনের তালিকার শীর্ষে কে?
Arpan Das
04:39 PM Nov 01, 2026 IST
-
-
স্পোর্টসপ্রো এই তালিকা তৈরি করেছে বিপণনযোগ্য ক্রীড়াবিদদের। মোট ৫০ জনের নাম আছে এই তালিকায়। অর্থাৎ, যাঁদের বিজ্ঞাপনে নিলে বাণিজ্যিক লাভের সম্ভাবনা বেশি থাকে। শুধু জনপ্রিয়তা, ফর্ম বা সোশাল মিডিয়ায় ফলোয়ার দিয়ে সেই তালিকা তৈরি হয় না। সেখানে গিল আছেন ১৩ নম্বরে। ভারতের আরও চারজন এই তালিকায় থাকলেও গিলের ধারেকাছে কেউ নেই।
-
অথচ বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মারা কেউই প্রথম ৫০-র মধ্যে নেই। অনেকটাই পিছনে। গিলের ঠিক পরেই ১৪ নম্বরে আছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সদ্য সর্বকালের সেরা ব্যালন ডি'অর জিতেছেন। ১০০০ গোলের নজির থেকে মাত্র ১৫টা দূরে। আর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি? তিনি আরও পেছনে, ২৭ নম্বরে।
-
ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ স্থানে আর্লিং হালান্ড। নরওয়ে তারকা আছেন চতুর্থ স্থানে। ১৯ ও ২০ নম্বরে এমবাপে ও ভিনিসিয়াস। এছাড়া লামিনে ইয়ামাল আছেন ২৩ তম স্থানে। তারপর নেইমার। মোট পাঁচ ভারতীয় ক্রিকেটার প্রথম ৫০-এ আছেন। গিলের পর ৩১ নম্বরে আছেন জেমাইমা রড্রিগেজ। ৩৬-এ ঋষভ পন্থ। তারপর আছেন স্মৃতি মন্ধানা। ৩৯-এ জশপ্রীত বুমরাহ। সেই তুলনায় অনেকটাই পিছনে ভারতীয় ক্রিকেটের তিন মহাতারকা।
-
মহেন্দ্র সিং ধোনি ৮৩তম আছেন। তারও পরে বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়কের অবস্থান ৮৫তম। আর রোহিত শর্মার জায়গা ৯০তম স্থানে। তবে তালিকার শীর্ষে ক্রিকেট বা ফুটবলের কেউ নন। বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ক্রীড়াবিদ হয়েছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। ২৮ বছর বয়সি সাবালেঙ্কা চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। গত দু'বছর ধরে মেয়েদের টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে।
-
২০২৫-এ আয় ও স্পনসরশিপ মিলিয়ে তাঁর আনুমানিক আয় ছিল তিন কোটি মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৮৪ কোটি টাকা। পঞ্চম স্থানে আছেন আরেক টেনিস তারকা কার্লোস আলকারাজ। দুইয়ে চিনের স্কি তারকা এইলেন গু। তৃতীয় বাস্কেটবল তারকা গ্রিসের ইয়ানিস আন্তেতোকুনম্পো। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৭০টি খেলার ১২০২ জন ক্রীড়াবিদকে প্রাথমিকভাবে ধরা হয়েছিল। সেখান থেকে মোট ২৪৭ জনকে বেছে নেওয়া হয়।
-
কীভাবে তৈরি হল এই তালিকা? এই মূল্যায়নে ব্যবহার হয়েছে ২৭টি সূচক। প্রত্যেক ক্রীড়াবিদের ব্যক্তিগত তথ্য তো থাকছেই। তার সঙ্গে ৩০০০-র বেশি ব্র্যান্ডের বাণিজ্যিক চুক্তি খতিয়ে দেখা হয়েছে। জনমানসে তাঁদের 'ইমেজ' কীরকম? ইন্টারনেটে লোকে তাঁদের সম্পর্কে কী খুঁজছে এগুলোও দেখা হয়েছে। একজন ক্রীড়াবিদের ব্র্যান্ড হিসেবে শক্তি ও আকর্ষণ কতটা। ব্র্যান্ড একুইটি, কর্মাশিয়াল আবেদন থেকে ভবিষ্যতের বাণিজ্যিকভাবে বাড়ার ক্ষমতার দিকও খতিয়ে দেখা হয়েছে।
Advertisement
Advertisement