বিশ্বকাপে নেতৃত্ব দেবেন, অথচ ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্নই ছিল না! বিরাট স্বীকারোক্তি গিলের
Arpan Das
দেশকে নেতৃত্ব দেওয়া যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন। কিন্তু শুভমান গিলের কাছে নয়। এই মুহূর্তে ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। সব ঠিক থাকলে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতৃত্ব তাঁর হাতেই থাকবে। অথচ সেই গিল বলছেন, "দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন কোনও দিন দেখতামই না।" হঠাৎ কেন বললেন এ কথা?
বর্তমানে দারুণ ফর্মে আছেন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ওয়ানডেতে একটি সেঞ্চুরি ও একটি ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ইতিমধ্যে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষিত। ভারতের তৃতীয় ওয়ানডে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে গিলের ব্যাট বড় ভরসা। সেই সঙ্গে তাঁর নেতৃত্ব ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিতে পারে। তবে গিল বলছেন, ভারতকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন তিনি দেখতেন না।
আরও পড়ুন:
জিওস্টারে গিল বলছেন, "অধিনায়কত্বকে আমি একটা দায়িত্ব হিসেবে দেখি। অবশ্যই, এটা আমার জন্য বড় সম্মানের। কিন্তু দেশকে নেতৃত্ব দেওয়া কখনই আমার স্বপ্ন ছিল না। আমার স্বপ্ন ছিল, দেশের জন্য খেলব। দেশকে ম্যাচ জেতাব। সেভাবেই আমি বড় হয়েছি। আসলে আমি দায়িত্ব নিতে ভালোবাসি। সেটা আমার ভিতরের সেরাটা বের করে নিয়ে আসে। আমি জানি, যদি সঠিক উদ্দেশ্য নিয়ে এগোই, তাহলে সব কিছু ঠিক হবে।"
এই মুহূর্তে বিশ্বের একনম্বর ওয়ানডে ব্যাটার গিল। কিন্তু সেসব নিয়েও ভাবতে রাজি নন। ভারত অধিনায়কের সাফ কথা, "২০২৩-এ আমি প্রথমবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার হই। বিষয়টা ভালোই। ছোটবেলায় ভাবতাম, একদিন ওয়ানডেতে এক নম্বর হব। ব্যস, এই টুকুই। একটা লক্ষ্যপূরণ হওয়া ছাড়া আর কিছু নয়। আমার লক্ষ্য হল, ম্যাচে রান করা করা এবং দলের জয়ে অবদান রাখা।"