গিলের জন্য পাক বোলারের সঙ্গে ঝগড়া! তবু 'আদুরে' আবদারে 'না' অধিনায়কের, চরম ক্ষুব্ধ মহিলা ভক্ত
Arpan Das
শুভমান গিলের (Shubman Gill) উপর প্রচণ্ড ক্ষুব্ধ এক মহিলা ভক্ত। কেন? কারণ গিলের জন্য পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে ঝগড়া করেছিলেন। দেড়বছর আগে গিলের সঙ্গে পাক ক্রিকেটার আবরার আহমেদ যা করেছিলেন, তা ভোলেননি ওই মহিলা। কিন্তু তাতেও লাভের লাভ হল না। সেই মহিলার সঙ্গে নাকি সেলফি তুলতে রাজি হননি গিল। এবার ভারতের অধিনায়কের উপরই অভিযোগ আনলেন ওই মহিলা।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে স্পিনার আবরার আহমেদ আউট করেন গিলকে। তারপর ঘাড় বেঁকিয়ে গিলকে 'বিদায়' জানান। ঘটনার নিন্দা হয়। শেষমেশ পাকিস্তান ম্যাচও হারে। সেই ঘটনা নাকি পছন্দ হয়নি গিলের মহিলা ভক্ত ফারহান খানের। এই নিয়ে তিনি নাকি আবরারের সঙ্গে ঝগড়াও করেন।
আরও পড়ুন:
কিন্তু এবার গিলের উপরই ক্ষুব্ধ ফারহান। ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডে গিয়েছে টিম ইন্ডিয়া। বিমানবন্দরে নামতেই ভক্তরা ঘিরে ধরেন ক্রিকেটারদের। তার মধ্যে ছিলেন ফারহানও। কিন্তু তিনি নাকি গিলের সঙ্গে সেলফি তুলতে চেয়েও পারেননি। তাই নিয়ে পরে ভিডিও করে বলেন, "আমি নিউজিল্যান্ডে আবরারের সঙ্গে ঝগড়া করেছি। আর যখন আমি শুভমানকে বললাম, একটা ছবি তুলব। সঙ্গে সঙ্গে আমাকে বলল, 'সরি'। এটা ঠিক হল না।" আর শুধু গিল নয়, কোহলির সঙ্গেও ভালোভাবে ছবি তুলতে পারেননি ফারহান। 'কিং এসেছে' বলে ডাকলেও ধারেকাছে যেতে পারেননি।
তবে ওই ভিডিও পরে ডিলিট করে দেন ফারহান। বদলে আরেকটি আপলোড করেন। যেখানে গিলের সঙ্গে সেলফি তোলার সুযোগ পান ফারহান। তার ক্যাপশনে লেখেন, 'অসংখ্য ধন্যবাদ।'