মহাষ্টমীর ম্যাডক্স স্কোয়্যারে রিল ও রিয়েল সৌরভ, 'ঢাকি' মহারাজের সঙ্গী 'বাঙালিবাবু' রাজকুমার
রিল এবং রিয়েল সৌরভ দু'জনেই এদিন সেজেছিলেন খাঁটি বাঙালি পোশাকে।
Anwesha Adhikary
04:30 PM Oct 19, 2026 IST
-
-
আগেই জানা গিয়েছিল, অষ্টমীতে প্যান্ডেল হপিংয়ে বেরবেন 'পর্দার মহারাজ' রাজকুমার রাও এবং ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। আদ্যোপান্ত বাঙালিয়ানায় ভরপুর সৌরভ কীভাবে পুজো কাটান, বায়োপিকে অভিনয়ের আগে সে সম্পর্কে খুঁটিনাটি তথ্য জোগাড়ই রাজকুমারের লক্ষ্য ছিল। সেই মতোই সোমবার মহাষ্টমীর দুপুরে দুই তারকা পৌঁছে যান বাঙালির প্রিয় আড্ডার ঠেক ম্যাডক্স স্কোয়্যারে। সঙ্গী সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়।
-
রিল এবং রিয়েল সৌরভ দু'জনেই এদিন সেজেছিলেন খাঁটি বাঙালি পোশাকে। প্রাক্তন ভারত অধিনায়কের পরনে ছিল ঘিয়ে রঙের চুড়িদার, সঙ্গে কালো পাঞ্জাবি। অন্যদিকে রাজকুমার পরেছিলেন লাল সুতোর কাজ করা সাদা ধুতি। মেরুনের উপর সোনালি কাজের পাঞ্জাবিতে বলি তারকাকে বঙ্গসন্তান বলে ভুল হতেই পারে। সৌরভপত্নী ডোনার পরনে ছিল লাল শাড়ি।
-
নিজের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে হামেশাই ঢাক বাজাতে দেখা যায় সৌরভকে। ম্যাডক্স স্কোয়্যারেও তার অন্যথা হল না। ঢাক দেখেই এগিয়ে গিয়ে তুলে নিলেন কাঁধে। 'রিল' সৌরভ হাততালি দিলেন তালে তালে। মহারাজ জানালেন, কলকাতার পুজো দেখতে চেয়ে তাঁর কাছে আবদার করেছিলেন রাজকুমার। সেই ইচ্ছা পূরণ করতেই মহাষ্টমীর দুপুরে তাঁদের ম্যাডক্স যাত্রা।
-
লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত সৌরভের বায়োপিক 'দাদা'র শুটিং প্রায় শেষদিকে। জানা গিয়েছে, ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্র আত্মস্থ করতে বাংলা বলাও শিখে ফেলেছেন রাজকুমার রাও। যার খানিক কৃতিত্ব অবশ্য স্ত্রী পত্রলেখারও প্রাপ্য। কলকাতায় সৌরভের সঙ্গে আগেও সময় কাটিয়েছেন বলি অভিনেতা। তবে পুজোর কলকাতার মেজাজ মেলেনি সেসময়ে।
-
ইতিমধ্যেই জানা গিয়েছে, সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য। ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে তানিয়া মানিকতল্লা। সৌরভ জানান, রূপোলি পর্দার ডোনাকে পছন্দ হয়েছে বাস্তবের ডোনারও। চমক থাকতে পারে জগমোহন ডালমিয়া, গ্রেগ চ্যাপেলের চরিত্রগুলিতেও। সম্ভবত ছবিটি মুক্তি পাবে আগামী বছর।
Advertisement
Advertisement