ভারতের মাটিতে শুরু সৌরভের কোচিং ইনিংস, হেডকোচ হলেন মহারাজ
Anwesha Adhikary
কোচ হিসাবে প্রথম ইনিংসটা বেশ সফল হয়েছিল। এবার ভারতের মাটিতে নতুন দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচিং করিয়ে দলকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের ফাইনালে তুলেছিলেন। এবার দিল্লি ক্যাপিটালসের হেডকোচ হলেন প্রিন্স অফ ক্যালকাটা। কেএল রাহুলদের কোচিং করাবেন তিনি।
মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে ঘোষণা করা হয়, হেডকোচ হিসাবে দলের দায়িত্ব নিচ্ছেন সৌরভ। যদিও আগে থেকেই এই নিয়ে গুঞ্জন ছিল ক্রিকেটমহলে। মেন্টর হিসাবে দিল্লি ক্যাপিটালসে ছিলেন তিনি। এবার হেডকোচ হলেন। এর আগে ভারতের মাটিতে কোচিং করাননি সৌরভ। ক্রিকেট অধিনায়ক, প্রশাসকের পর এবার কোচের ভূমিকায় তাঁকে দেখবে ভারতের ক্রিকেটমহল।
আরও পড়ুন:
এই মুহূর্তে দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিকানা জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউ স্পোর্টসের হাতে। প্রতি দু’বছর অন্তর পরিচালনার দায়িত্ব ভাগ করে নেয় তারা। আগামী মরশুমে দায়িত্ব থাকছে জেএসডব্লিউ-র হাতে। ২০২৪ সাল থেকে জেএসডব্লিউ-র ক্রিকেট ডিরেক্টর সৌরভ। সেকারণেই এবার 'দাদা'র হাতে তুলে দেওয়া হয়েছে কোচিংয়ের গুরুদায়িত্ব। উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সঙ্গেও যুক্ত তিনি। ২০১৯ সালে দিল্লি দলের মেন্টরও ছিলেন তিনি। বিসিসিআই সভাপতি হওয়ার কারণে সেই দায়িত্ব ছাড়েন।
চলতি বছরের শুরুতেই কোচ হিসাবে আত্মপ্রকাশ করেন সৌরভ। জেএসডব্লিউ স্পোর্টসের প্রিটোরিয়া ক্যাপিটালসকে কোচিং করান। টুর্নামেন্ট শুরুর দিকে অনেক ঝড়ঝাপটা সামলাতে হয় সৌরভের দলকে। কিন্তু তিনি যে ‘কামব্যাক কিং’। পরপর দুই ম্যাচ হারার পর দলের মনোবল ভাঙতে দেননি। সেখান থেকে টানা ম্যাচ জিতে ফাইনালে যায় সৌরভের প্রিটোরিয়া। যে দলটা গত দু’বছর ধারাবাহিকতার অভাবে ভুগছিল, সেই দলটার ড্রেসিংরুমে আমূল বদল আনেন ‘দাদা’। চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসাবে গড়ে তোলেন প্রিটোরিয়াকে। যদিও ফাইনাল জেতা হয়নি। এবার আরও ক্ষুধার্ত হয়ে দিল্লি ক্যাপিটালসের কোচিং শুরু করবেন। সৌরভের হাত ধরেই কি আইপিএলের অধরা ট্রফি আসবে দিল্লির দরবারে?