তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে চমক এন্ট্রি, বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ বেছে দিলেন সৌরভ
Arpan Das
ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর একবছর বাকি। ইতিমধ্যে সূচি ঘোষিত হয়েছে। কারা উঠবেন দক্ষিণ আফ্রিকাগামী বিমানে? সেই পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কারা খেলবেন প্রথম একাদশে? বিশ্বকাপের একবছর আগে সেটা বেছে দিলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে বাদ দিলেন এক তারকা ক্রিকেটারকে। কেমন হল 'দাদা'র বেছে দেওয়া ভারতীয় দল?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে আগুনে ফর্মে আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দু'জন দুই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন। তাঁদের দলে রাখা নিয়ে মাঝে সন্দেহের আবহাওয়া তৈরি হয়েছিল। তবে এখন আর সেটা নেই। সৌরভের বিশ্বকাপের দলে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ওপেন করবেন রোহিতই। তারপর নামবেন বিরাট কোহলি। চতুর্থ ও পঞ্চম স্থান নিয়েও কোনও সংশয় নেই। সেখানে আসবেন শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল।
আরও পড়ুন:
এরপর কারা? হার্দিক পাণ্ডিয়াকে ৬ নম্বরে দেখতে চান সৌরভ। নিঃসন্দেহে হার্দিক থাকা মানে ভারতের ব্যাটিং ও বোলিং, উভয় বিভাগের শক্তি বাড়বে। কিন্তু হার্দিকের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। চোটের জন্য একের পর এক সিরিজে মাঠের বাইরে থাকছেন তারকা অলরাউন্ডার। এরপর সৌরভ বেছে নিচ্ছেন শিবম দুবেকে। সেটা একটু চমকে দেওয়ার মতো। কারণ শিবম মূলত টি-টোয়েন্টি দলের সদস্য। যিনি এখনও পর্যন্ত মাত্র ৬টি ওয়ানডে খেলেছেন।
তবে পরিস্থিতি ও পরিবেশ অনুযায়ী, আরও দুই ক্রিকেটারকে বিকল্প রাখতে বলছেন। তাঁরা হলেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। সৌরভের পছন্দের একাদশে অষ্টম স্থানে আসবেন অক্ষর প্যাটেল। প্রাক্তন ভারত অধিনায়ক তিনজন পেসারকে দলে চাইছেন। তাঁরা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ, জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। সৌরভের একাদশ থেকে বাদ পড়েছেন কুলদীপ যাদব। আসলে দক্ষিণ আফ্রিকার পিচ পেস সহায়ক। তাই স্পেশালিস্ট স্পিনার বাদ দিয়ে তিন পেসার খেলানোর পক্ষপাতী সৌরভ।