দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
India vs New Zealand

পূরণ হল না চুনকামের স্বপ্ন! ব্যাটিং বিপর্যয়ে কিউয়িদের কাছে লজ্জার হার ভারতের

বৈভবকে বাদ দেওয়ার মূল্য চোকাতে হল টিম ইন্ডিয়াকে?
Prasenjit Dutta
04:26 PM Oct 30, 2026 IST
বৈভবকে বাদ দেওয়ার মূল্য চোকাতে হল টিম ইন্ডিয়াকে?
চতুর্থ টি-টোয়েন্টিতে পরাস্ত ভারত। ছবি সংগৃহীত।

নিউজিল্যান্ড (New Zealand): ২৫৯/৭ (ফিলিপ্স ১০৭, ব্রেসওয়েল ৬৫, ময়ঙ্ক ৩/৪৮, অর্শদীপ ৩৮/১)
ভারত (India): ১৭২/৯ (তিলক ৩৫, নমন ২৮, ডাফি ২৩/৪, স্যান্টনার ২৪/২)
৮৭ রানে পরাজিত ভারত।

প্রথম তিন ম্যাচে রান তাড়া করে জিতেছিল ভারত। দু'ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরেছিল শ্রেয়স আইয়াররা। তাই অনেকেই ভেবেছিলেন, টসে জিতলে হয়তো প্রথম ব্যাটিং করবে টিম ইন্ডিয়া। হল উলটোটা। টস জিতলেন বটে, কিন্তু নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন শ্রেয়স। তাতে অবশ্য লাভের লাভ হল না। কিউয়ি দল তুলল 'এভারেস্টসম' ২৫৯ রান। জবাবে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ল গৌতম গম্ভীরের দল। চুনকামের যে স্বপ্ন দেখেছিলেন অভিষেক শর্মারা, তা ৮৭ রানে হেরে আর পূরণ হল না। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথম একাদশে দু’টি বদল করে ভারত (India vs New Zealand)। চোট সারিয়ে ফিরলেন ঈশান কিষান। তাঁর জায়গায় সুযোগ পাওয়া বৈভবকে আবার বসতে হল। হয়তো এই বদলটুকুরই মূল্য চোকাতে হল! শেষ ম্যাচে ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিল ১৫ বছরের তরুণ ব্যাটার। কিন্তু ঈশান সুস্থ হতেই তরুণ ব্যাটারকে সরিয়ে দেওয়া হয়। ১৫ বছরের বৈভবের প্রতিভা নিয়ে কোনও সংশয় না থাকলেও, এখনই তাঁকে নিয়মিত প্রথম একাদশে রাখার পথে হাঁটছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সিনিয়রদের উপরই আপাতত বেশি ভরসা রাখছেন কোচ গৌতম গম্ভীরেরা। সেই সিনিয়ররা এই ম্যাচে ব্যর্থ। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথম একাদশে দু’টি বদল করে ভারত। চোট সারিয়ে ফিরলেন ঈশান কিষান। তাঁর জায়গায় সুযোগ পাওয়া বৈভবকে আবার বসতে হল। হয়তো এই বদলটুকুরই মূল্য চোকাতে হল!

টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। আর এই প্রশ্নটা আরও জোরালো হচ্ছে এদিন বাইশ গজে ভারতীয় দলের শুরুর দিকে ব্যাটারদের পারফরম্যান্সে। তৃতীয় টি-টোয়েন্টিতে ওপেন নেমে ঝোড়ো ইনিংস খেলেছিল বৈভব। এদিন ওপেন করতে নামা সঞ্জু স্যামসন সাজঘরে ফেরত গেলেন মাত্র ২ বল খেলে। করলেন মাত্র ৪। চোট সারিয়ে প্রত্যাবর্তন হওয়া ঈশান রানের খাতা না খুলেই আউট হলেন। এ হেন ব্যাটিং প্রদর্শনের পর নেটিজেনদের অনেকেই বলছেন, ‘ব্যাপারটা জুনিয়র বা সিনিয়র নয়। দলে সুযোগের পর পারফরম্যান্সই এক্ষেত্রে মানদণ্ড হোক। রান পেয়েও বাদ পড়তে হল বৈভবকে।’

মাত্র ৪ রানে ২ উইকেট খুইয়ে ভারত যখন চাপে, তখন নজর ছিল একজনের দিকে। তিনি অভিষেক শর্মা। গত ম্যাচে নজির গড়ে সেঞ্চুরি করেছিলেন। এই ম্যাচেও খেলছিলেন তুরীয় মেজাজে। গোড়ায় সতীর্থদের হারালেও ভয়ডরহীন ব্যাটিংয়ে ভারতকে ৪.২ ওভারে নিয়ে গেলেন ৫০ রানে। তার পরেই ছন্দপতন। ম্যাথিউ ফিশার ফেরালেন তাঁকে। অভিষেকের সংগ্রহ ১৫ বলে ২৭ রান। এর এক ওভারের মধ্যে ১১ বলে ২২ রানে অ্যাডাম মিলনের বলে ফিরলেন ভারত অধিনায়ক। তখনই হয়তো দেওয়াল লিখনটা পড়ে ফেলেছিলেন গম্ভীররা। অক্ষর প্যাটেল (৭), নীতীশ কুমার রেড্ডি (২১), নমন ধীররা (২৮) বড় রান পেলেন না। ৩৫ বলে ৩৫ রানের 'টেস্টসুলভ' ইনিংস খেলে ফিরে গেলেন তিলক বর্মাও। শেষ পর্যন্ত ভারত থামল ১৭২ রানে। 

টসে জিতে ব্যাট করতে নেমে রেকর্ড গড়ে ৭ উইকেটে ২৫৯ রান করে নিউজিল্যান্ড। এর আগে কোনও দল ভারতের বিরুদ্ধে ক্রিকেটের হ্রস্বতম সংস্করণে এত রান করতে পারেনি।

টসে জিতে ব্যাট করতে নেমে রেকর্ড গড়ে ৭ উইকেটে ২৫৯ রান করে নিউজিল্যান্ড। এর আগে কোনও দল ভারতের বিরুদ্ধে ক্রিকেটের হ্রস্বতম সংস্করণে এত রান করতে পারেনি। যদিও তাদের শুরুটা ততটা ভালো হয়নি। শুরুতেই ময়ঙ্ক যাদবের বলে ফিরে যান টিম সেইফার্ট (৩)। সেট হয়ে আউট হলেন ড্যারিল মিচেল (২৪) ও ফিন অ্যালেন (৩১)। রান পাননি বেভন জেকবসও (৭)। কিন্তু যে দলে গ্লেন ফিলিপ্সের মতো ক্রিকেটার রয়েছেন, তাদের চিন্তা কীসের! ৪৯ বলে ১০৭ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ১০টি ছক্কা। 'সাইক্লোনিক ইনিংস' ব্রেসওয়েলেরও। করেন ২৫ বলে ৬৫। পঞ্চম উইকেটে তাঁদের জুটিতে ওঠে ১১৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৯ রান তোলে কিউয়িরা। সঙ্গে ভারতীয় বোলারদের ব্যর্থতাও প্রশ্ন তুলে দিল। প্রত্যেকেই ছিলেন 'খরুচে'। সবচেয়ে বেশি মার খেলেন নীতীশ রেড্ডি। ১ উইকেট নিলেও ৪ ওভারে ৬৪ রান দিলেন। ময়ঙ্ক যাদবের পরিসংখ্যান ৩/৪৮। সবচেয়ে 'কৃপণ' অর্শদীপ। বাঁহাতি পেসার দিলেন চার ওভারে ১ উইকেটে ৩৮ রান। প্রিন্স যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নিলেও ৮ ওভারে তাঁরা বিলিয়ে দিলেন ৯২ রান। এখানেই যেন পিছিয়ে পড়ল টিম ইন্ডিয়া। ২৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পরাস্ত হতে হল শ্রেয়সদের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
India vs New ZealandTeam India
Advertisement
Tags :
India vs New ZealandTeam India

নিয়মিত খবরে থাকতে ফলো করুন