দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Yuzvendra Chahal

'দেশের হয়ে খেলার খিদে এখনও একই রকম', লর্ডসে অবসর নিয়ে আবেগঘন চাহাল

ভারতের হয়ে ৭২টি ওয়ানডে এবং ৮০টি টি-টোয়েন্টি খেললেও টেস্ট দলে কখনও জায়গা হয়নি চাহালের।
Prasenjit Dutta
03:14 PM Oct 02, 2026 IST
ভারতের হয়ে ৭২টি ওয়ানডে এবং ৮০টি টি-টোয়েন্টি খেললেও টেস্ট দলে কখনও জায়গা হয়নি চাহালের।
যুজবেন্দ্র চাহাল। ফাইল ছবি।

লর্ডসেই শেষ হল যুজবেন্দ্র চাহালের প্রথম শ্রেণির ক্রিকেট-অধ্যায়। ৩৬ বছর বয়সে লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় লেগস্পিনার। সঙ্গে সাঙ্গ হল তাঁর দীর্ঘ দিনের টেস্ট খেলার স্বপ্নও। তবে সাদা বলের ক্রিকেটে এখনও থামতে রাজি নন চহাল। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ফের ভারতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াই চালিয়ে যেতে চান তিনি।

ভারতের হয়ে ৭২টি ওয়ানডে এবং ৮০টি টি-টোয়েন্টি খেললেও টেস্ট দলে কখনও জায়গা হয়নি চাহালের। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতো দুই তারকা স্পিনারের উপস্থিতিতে টেস্টের দরজা তাঁর জন্য বরাবরই বন্ধ থেকেছে। বিদায়ী বার্তায় চাহাল লিখেছেন, 'আমার কাছে লাল বলের ক্রিকেট কখনও শুধুমাত্র আর একটি ফরম্যাট ছিল না। এখানেই আমি ধৈর্য, চরিত্র, লড়াই করার মানসিকতার অর্থ শিখেছি। ঘণ্টার পর ঘণ্টা মাঠে থেকে প্রতিটি রান ও প্রতিটি উইকেটের জন্য লড়াই করার যে আনন্দ, তার সঙ্গে এর তুলনা হয় না।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

চাহালকে অভিবাদন নর্দাম্পটনশায়ারের সতীর্থদের। ছবি এক্স।

২০০৯ সালে হরিয়ানার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক চাহালের। ৪৯টি ম্যাচে নিয়েছে ১৪৮ উইকেট। গড় ৩২.২৭। ২০২৬-এর কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্দাম্পটনশায়ারের হয়ে দ্বিতীয় ডিভিশনে ২১টি উইকেট নিয়েছেন ১৬.১৪ গড়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর শেষ ম্যাচটিও ছিল লর্ডসে। মিডলসেক্সের বিরুদ্ধে। সেই ম্যাচে নর্দাম্পটনশায়ার ৭ উইকেটে হারে। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'লর্ডসে আমার শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেললাম। এই কথাগুলি বলা আবেগের। টেস্ট ক্যাপ পরা সব সময়ই আমার স্বপ্ন ছিল। বহু বছর ধরে সেই স্বপ্ন বয়ে বেড়িয়েছি। তা পূরণ হয়নি। কিন্তু যে পথ পেরিয়ে এসেছি, তাতে আমি সত্যিই তৃপ্ত। এই ফরম্যাটে যে সুযোগগুলি পেয়েছি, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।'

হরিয়ানার হয়ে তাঁর লাল বলের ক্রিকেট অবশ্য বেশ কিছু দিন ধরেই অনিয়মিত হয়ে পড়েছিল। ২০১৬-১৭ মরশুমে শেষ বার দুটির বেশি রঞ্জি ম্যাচ খেলেছিলেন চাহাল। সেই মরসুমে সাত ম্যাচে ৩৩টি উইকেট নিয়েছিলেন, গড় ছিল ২২.৬০। তবে এখানেই শেষ নয়। সাদা বলের ক্রিকেটে এখনও নিজের ভবিষ্যৎ দেখছেন চাহাল। ২০২৩ সালের আগস্টের পর ভারতীয় দলের হয়ে আর মাঠে নামেননি তিনি। তবু জাতীয় দলে ফেরার স্বপ্ন ছাড়ছেন না। এখনও আইপিএলে নিয়মিত খেলছেন। প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি চাহাল বর্তমানে পঞ্জাব কিংসের হয়ে খেলেন। তাঁর সাফ কথা, 'আমি এখনও শেষ হয়ে যাইনি। দেশের হয়ে খেলার খিদে এখনও একই রকম রয়েছে। আমার মধ্যে এখনও ক্রিকেট বাকি আছে বলে বিশ্বাস করি। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে আরও একটি সুযোগ পাওয়ার জন্য আমি সব কিছু দিয়ে চেষ্টা করব।'

হরিয়ানা ক্রিকেট সংস্থার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন চাহাল। তাঁর মন্তব্য, 'হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, মিস্টার রণবীর সিং মহিন্দ্রা স্যর এবং মিস্টার অনিরুদ্ধ সিং চৌধুরী স্যরকে বিশেষ ধন্যবাদ। পুরো জার্নিতে তাঁদের সমর্থন পেয়েছিল। তাঁরা আমার উপর বিশ্বাস রেখেছে। সেই কারণে কৃতজ্ঞ।' শেষে ফিরে গেলেন সেই ছোট্ট ছেলেটির কাছে, যে ১০ বছর বয়সে প্রথম হাতে তুলে নিয়েছিল লাল বল। চাহালের কথায়, '১০ বছর বয়সে প্রথম লাল বল হাতে নেওয়া থেকে শুরু করে শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলা– এ এক অসাধারণ যাত্রা।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Team IndiaYuzvendra Chahal
Advertisement
Tags :
Team IndiaYuzvendra Chahal

নিয়মিত খবরে থাকতে ফলো করুন