বার্থডে বয়ের দাপটে চুরমার ঈশ্বরের বহু নজির, শচীনের কোন রেকর্ড এখনও ভাঙতে পারেন বিরাট?
৩৮ বছরে পা রাখা বিরাট ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনেছিলেন শচীন তেণ্ডুলকরকে দেখে।
Anwesha Adhikary
09:24 AM Nov 05, 2026 IST
-
-
উল্লেখযোগ্য নজিরের মধ্যে অন্যতম হল সেঞ্চুরির সংখ্যা। অবসর নেওয়ার সময় শচীনের ঝুলিতে ছিল ৪৯টি শতরান, ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ। ২০২৩ বিশ্বকাপ চলাকালীন সেই নজির স্পর্শ করেন বিরাট। তারপর গ্যালারিতে বসে থাকা শচীনের সামনেই ভেঙে দেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। বিশ্বকাপ সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের কেরিয়ারের ৫০তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকান বিরাট।
-
এক বিশ্বকাপে সর্বাধিক রানের নজিরও ছিল শচীনের দখলে। ২০০৩ বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করে ফাইনাল ওঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত। সেবার ১১ ম্যাচে ৬৭৩ রান এসেছিল শচীনের ব্যাট থেকে। ২০ বছর পর সেই রেকর্ড ভেঙে যায় বিরাট বিক্রমে। তিনটি সেঞ্চুরি-সহ মোট ৭৬৫ রান করেন তিনি। এক বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রানের নজির। তবে শচীন এবং বিরাট-রেকর্ড গড়েও বিশ্বকাপ জেতা হয়নি কারোওরই।
-
ওয়ানডেতে দ্রুততম রান সংগ্রহের নিরিখে শচীনের থেকে সমস্ত মাইলস্টোনেই এগিয়ে রয়েছেন বিরাট। ১০ হাজারি ক্লাবে নাম লেখাতে শচীনের লেগেছিল ২৫৯ ইনিংস। কিন্তু বিরাট সেই নজির গড়ে ফেলেছেন মাত্র ২০৫ ইনিংস খেলেই। একইরকমভাবে ওয়ানডেতে ১৩ হাজার এবং ১৫ হাজার রান করতেও শচীনের থেকে যথাক্রমে ৫৪ এবং ৭৪টি ইনিংস কম লেগেছে কিং কোহলির।
-
বার্থডে বয় বিরাটকে ক্রিকেটমহল চেনে চেজমাস্টার নামে। রান তাড়া করতে নেমে বিরাটের সাফল্য ঈর্ষণীয়। সেখানেও গুরু শচীনকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট। চেজ করতে নেমে ওয়ানডেতে ৮৭২০ রান করেছিলেন শচীন। নিজের জন্মদিনের ঠিক আগের দিন সেই রেকর্ডও ভেঙে খানখান করেছেন বিরাট। বর্তমানে চেজ করতে নেমে তাঁর রান সংখ্যা ৮৭৫১। শচীন নজির গড়েছিলেন ২৩২ ইনিংসে, বিরাট তা ভাঙলেন ১৬৯তে।
-
বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন বিরাট। ৫৪৯ ইনিংসে এই নজির গড়েন তিনি, শচীনের ৫৭৭ ইনিংসের রেকর্ডকে পিছনে ফেলে। আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের ক্ষেত্রেও একইভাবে শচীনের থেকে দৌড়ে এগিয়ে গিয়েছেন বিরাট। আইডলের থেকে ২০টি ইনিংস কম খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের মালিক হয়েছেন তিনি। তবে মোট রানের নিরিখে শচীনকে টপকানো অসম্ভব।
-
টেস্ট এবং টি-২০ থেকে অবসর নিয়েছেন বিরাট। স্রেফ ওয়ানডে খেলেন। ফলে শচীনের বেশ কিছু রেকর্ড কোনওদিনই তাঁর পক্ষে ভাঙা সম্ভব হবে না। টেস্টে ৫১টি সেঞ্চুরি আছে শচীনের। বিরাটকে থামতে হয়েছে ৩০-এ। টেস্টে ১৫৯২১ রান করে অবসর নিয়েছেন ক্রিকেটের ঈশ্বর। কিন্তু বিরাট ১০ হাজারের গণ্ডিও পেরতে পারেননি। ২৪ বছরের কেরিয়ার, ২০০ টেস্ট খেলার অভাবনীয় নজির ছোঁয়াও বিরাটের পক্ষে অসম্ভব।
-
তবে সেঞ্চুরির সেঞ্চুরি করার হাতছানি এখনও রয়েছে বিরাটের সামনে। বর্তমানে তাঁর আন্তর্জাতিক শতরানের সংখ্যা ৮৬। আগামী একবছর চুটিয়ে ওয়ানডে খেলবেন, ফলে সেই নজির ভাঙতেও পারে। এছাড়াও ঘরের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির ইতিহাস লিখতে পারেন বিরাট। শচীন করেছিলেন ৪২টি শতরান, বিরাট এখনও পর্যন্ত ঘরের মাঠে ৪০টি শতরান হাঁকিয়েছেন। জন্মদিনে কি এই নজিরগুলো ভাঙার শপথ নেবেন কিং?
Advertisement
Advertisement