ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শচীনের ৪ মেগা রেকর্ড ভাঙার হাতছানি, ইতিহাসের সামনে বিরাট
Subhajit Mandal
রবিবার নিজের পয়া মাঠে জাতীয় দলের জার্সিতে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)। একদিন আগেই তিনি জানিয়ে দিয়েছেন, ২০২৭ বিশ্বকাপ তাঁর শেষ। আর খেলবেন না। তাই যে ক'টা দিনে ভারতীয় দলের জার্সিতে তিনি খেলবেন, নিজের সেরাটা নিংড়ে দিতে চান তিনি। আর তাতে বাড়তি অনুঘটকের কাজ করতে পারে ৪ মেগা রেকর্ড। চারটিই রয়েছে স্রেফ শচীন তেণ্ডুলকরের নামের পাশে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট ৪১ ইনিংসে করেছেন ২ হাজার ২৬১ রান। রয়েছে ৯ সেঞ্চুরি এবং ১১টি অর্ধশতরান। তিরুঅনন্তপুরমে তিনি এর আগে খেলেছেন দুটি ম্যাচ। একবারও আউট হননি। মোট রান ১৯৯। এর মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। বলা বাহুল্য, তিরুঅনন্তপুরমে এবং ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে বেশ পছন্দ করেন কোহলি। রবিবার সেই পয়া বিপক্ষের বিরুদ্ধে নিজের পয়া মাঠে কোহলির সামনে চার রেকর্ডের হাতছানি।
আরও পড়ুন:
এই মুহূর্তে বিরাট ওয়ানডে-তে ১৪ হাজার ৯৪১ রানে দাঁড়িয়ে। অর্থাৎ রবিবার আর মাত্র ৫৯ রান করতে পারলেই দ্বিতীয় ব্যাটার হিসাবে ১৫ হাজার রানের গণ্ডি পেরোবেন। এই মুহূর্তে ওয়ানডে-তে বিরাটের সেঞ্চুরি সংখ্যা ৫৪। সব মিলিয়ে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৮৫টি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একই সঙ্গে ১৫ হাজার রান পেরনো এবং সেঞ্চুরির সংখ্যা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তিনি। সেঞ্চুরি করতে পারলে লিস্ট এ ক্রিকেটে শচীনের সেঞ্চুরি সংখ্যা ছুঁয়ে ফেলতে পারবেন বিরাট। শচীনের লিস্ট এ সেঞ্চুরির সংখ্যা ৬০। বিরাটের ৫৯। ঘরের মাঠে এই মুহূর্তে বিরাটের সেঞ্চুরির সংখ্যা ৪১। শচীন ঘরের মাঠে করেছেন ৪২ সেঞ্চুরি। সেটাও ছুঁয়ে ফেলার হাতছানি রয়েছে কিং কোহলির সামনে।
সব মিলিয়ে রবিবার ১১০ রান করতে পারলে শচীনের আরও এক রেকর্ড ভেঙে দিতে পারবেন বিরাট। ঘরের মাঠে ওয়ানডে-তে শচীনের মোট রান ৬ হাজার ৯৭৬। বিরাটের ৬ হাজার ৮৮৭। এই রেকর্ডটিও ভাঙার হাতছানি রয়েছে কিং কোহলির সামনে। এই মুহূর্তে ভালো ফর্মেও রয়েছেন তিনি। চলতি বছর ৬ ম্যাচে এক সেঞ্চুরি-সহ ৩৮৪ রান করেছেন তিনি।