গ্রিভসের দুরন্ত সেঞ্চুরি, জবাব দিলেন কুলদীপও, ভারতের সামনে বড় লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের
Prasenjit Dutta
দলে থেকেও প্রথম একাদশে জায়গা না পাওয়া। বারবার স্কোয়াডে থেকেও মাঠে নামার সুযোগ না মেলা। কুলদীপ যাদবের সাম্প্রতিক সময়টা অনেকটা এমনই ছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ছিলেন, কিন্তু দু’টি টেস্টের কোনওটিতেই খেলেননি। এশিয়া কাপ, এশিয়ান গেমসের দলেও জায়গা হয়নি। আফগানিস্তান সিরিজ থেকেও বাদ পড়েছিলেন। সুযোগের অপেক্ষায় ছিলেন 'চায়নাম্যান স্পিনার'। আর সুযোগ পেয়েই ফের একভার ‘প্রমাণ’ করলেন। তাঁর ঘূর্ণিতেই ৩০০-র আগে থমকে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
আড়াই বছর পর তিরুঅনন্তপুরমে ম্যাচ। যা নিয়ে সেজে উঠেছিল দক্ষিণী শহর। মাঠের বাইরে নজর কাড়ে রোহিত শর্মার ৫০ ফুটের কাট আউট। হিটম্যানের ফ্যান ক্লাব 'অল কেরালা রোহিত শর্মা ফ্যানস অ্যাসোসিয়েশনে'র তরফে বিরাট এই কাট আউট লাগানো হয়। বিরাট কোহলিকে নিয়েও উন্মাদনা কম ছিল না। তাঁর সামনে আবার একাধিক রেকর্ডের হাতছানি। এমন একটা ম্যাচে টস জিতে ফিল্ডিং নিলেন শুভমান গিল। এখানকার পিচ নিয়ে খুব একটা অভিযোগ নেই। বরং ফ্লাড লাইট জ্বলার পর ব্যাটিং সহজ হবে বলেই মনে করছেন ভারত অধিনায়ক। এই যুক্তিতে বোলিং নিলেন।
আরও পড়ুন:
পরের বছর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ। তার আগে কম্বিনেশন দেখে নেওয়ার পরীক্ষায় নেমেছে টিম ইন্ডিয়া। কিন্তু প্রোটিয়াভূমে পেসারদের ক্ষিপ্র হতেই হবে। তা মোটেও দেখা গেল না এদিন। গুর্নুর ব্রার ১০ ওভারে দিলেন ৬০ রান। উইকেট পেলেন না। নীতীশ কুমার রেড্ডিও বেধড়ক মার খেলেন। মনে রাখতে হবে, হার্দিক পাণ্ডিয়ার বিকল্প হিসাবে তাঁকে খেলানো হচ্ছে। কিন্তু সেই ঝাঁজ একেবারেই উধাও। তবে মন্দের ভালো প্রসিদ্ধ কৃষ্ণ। গোটা দু'য়েক উইকেট পেলেন। আর যাঁর কথা না লিখলেই নয়, সেই কুলদীপ যাদব একাই নিলেন ৪ উইকেট। বুঝিয়ে দিলেন ক্লাস স্পিনাররা সুযোগ পেলে উজাড় করে দিতে পারেন।
এ কথা কেন বলা? ভারতীয় বোলারদের রেয়াত না করে ওয়েস্ট ইন্ডিজ ১৯ ওভারের মধ্যেই ১৩০ রান টপকে গিয়েছিল। মনে হচ্ছিল ৩৫০ রান অনিবার্য। ঠিক তখনই ভারতকে ম্যাচে ফেরত আনলেন কুলদীপ। ভয়ানক হয়ে ওঠা জন ক্যাম্পবেলকে ফেরালেন। ৬টা চার, ৩টে ছক্কা-সহ ৬০ বলে ৬২ রানে সাজঘরে ফিরলেন। আরেক ওপেনার জাস্টিন গ্রিভস অবশ্য অবিচল ছিলেন। এর ফাঁকেই ৩১ বলে ১৩ রানের অতি মন্থর ইনিংস খেলে প্রসিদ্ধর বলে গিলের হাতে ফিরে গেলেন কেসি কার্টি। রান পেলেন না শাই হোপ (১১)। গ্রিভসকেও ১০১ রানে ফেরালেন কুলদীপ। মাঝের সারিতে আমির জাঙ্গো ৪৩ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস ক্যারিবিয়ান দলকে ৭ উইকেটে ২৯৫ রানে নিয়ে গেল। 'ম্যাজিক' দেখিয়ে ৪০ রানে ৪ উইকেট নিলেন কুলদীপ। এখন সবার নজর ভারতীয় দলের ব্যাটিংয়ের উপর। রান পাবেন রো-কো? সময়ই এর উত্তর দেবে।