এক ম্যাচে ৫৩ লাল কার্ড! মাঠে ঢুকল সেনা, গিনেস বুকে লজ্জার নজির পেলের দেশের
Anwesha Adhikary
মাঠে খেলতে নেমেছে ২২জন। কিন্তু ম্যাচে দেখানো হল মোট ৫৩টি লাল কার্ড (Red Cards)! ফুটবলমহলে হইচই ফেলে দিয়েছে ব্রাজিলের এই অভূতপূর্ব ঘটনা। ইতিমধ্যেই গিনেস বুকে (Guinness World Records) নাম লিখিয়ে ফেলেছে অপেক্ষাকৃত তুচ্ছ ম্যাচটি। এর আগে কোনওদিন এক ম্যাচে এতগুলো লাল কার্ড দেখানো হয়নি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দুপক্ষের হাতাহাতি সামাল দিতেই ৪০ মিনিট সময় কেটে যায়। একের পর এক লাল কার্ড দেখিয়েও লাভ হয়নি।
ঘটনাটি ঘটেছে ব্রাজিলের দ্বিতীয় পর্যায়ের ক্লাব টুর্নামেন্টে। অনূর্ধ্ব ২০ দলের টুর্নামেন্টে মুখোমুখি হয় উবেরলান্ডিয়া এবং মামোরে। দুই দলের মধ্যে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস রয়েছে বলেই স্থানীয় সূত্রে খবর। ম্যাচের প্রথম থেকেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। ৫৪ মিনিটে তৃতীয় গোলটি করে মামোরে। ৩-১ এগিয়ে যায় তারা। গোল দিয়েই বিপক্ষের ডাগআউটের দিকে ছুটে গিয়ে কটাক্ষ করতে থাকে এক ফুটবলার। রেগে গিয়ে তেড়ে আসেন বিপক্ষের এক কোচ। তারপরই পরিস্থিতি একেবারে হাতের বাইরে।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে হাতাহাতি শুরু হয়েছিল দুই দলের ফুটবলারদের মধ্যে। তারপর রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড় থেকে শুরু করে কোচ, সাপোর্ট স্টাফ সকলেই নেমে পড়েন মাঠে। এমনকী মাঠে নেমে হাতাহাতিতে জড়ান দুই দলের কর্তারাও। মাঠের ধারে থাকা বল বয়রাও হাতাহাতিতে জড়িয়েছে বলে জানিয়েছেন ম্যাচের রেফারি। শেষ পর্যন্ত মিলিটারি পুলিশ ডাকা হয় মাঠে। প্রায় ৪০ মিনিট ধরে রণক্ষেত্র হয়ে ওঠা পরিস্থিতি সামাল দেওয়া হয়। জানা গিয়েছে, মাঠের প্রচুর জিনিসপত্রও ভাঙচুর করেছে দুই দল।
রেফারি জানিয়েছেন, ম্যাচে বিশৃঙ্খলা শুরুর আগেই তিনজন ফুটবলার লাল কার্ড দেখেছিল। তারপর আরও ৫০ জনকে লাল কার্ড দেখান রেফারি। সবমিলিয়ে ৪৩ জন ফুটবলার, ৮ সাপোর্ট স্টাফ এবং ২জন কর্মকর্তাকে দেখানো হয়েছে লাল কার্ড। এর আগে এক ম্যাচে সবচেয়ে বেশি লাল কার্ড হয়েছিল ২০১১ সালে আর্জেন্টিনায় একটি ক্লাব ম্যাচে। সেবার ৩৬টি লাল কার্ড বের করেছিলেন রেফারি। এবার ৫৩টি লাল কার্ড দেখে গিনেস বুকে জায়গা করে নিল ব্রাজিলের ম্যাচ।