দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
India vs Panama

পানামা ম্যাচে ঐতিহাসিক সাফল্য! ইস্ট-মোহনকে কেন ধন্যবাদ জানাচ্ছে ফেডারেশন?

কী বলেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি?
Prasenjit Dutta
04:02 PM Sep 26, 2026 IST
কী বলেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি?
ছবি এআইএফএফ।

কিছুদিন আগেই বিশ্বকাপ খেলা পানামার সঙ্গে ঐতিহাসিক ড্র করেছে ভারত (India vs Panama)। ম্যাচের পর ক্লাবগুলিকে ধন্যবাদ জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি এম সত্যনারায়ণ। ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। তার আগে আইএফএ শিল্ড চলছে। অর্থাৎ ভরা মরশুম। নিজেদের দল গুছিয়ে নেওয়ায় ব্যস্ত ক্লাবগুলি। এর মধ্যেও জাতীয় কর্তব্যের কথা মনে রেখে ফুটবলার ছেড়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো দলগুলি। এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জানিয়েছেন, এর জন্য ধন্যবাদ প্রাপ্য ক্লাবগুলির।

সত্যনারায়ণ বলেন, "ফিফা উইন্ডোর আগে ফুটবলারদের ছেড়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ক্লাবগুলিকেও এআইএফএফের তরফে ধন্যবাদ জানাতে চাই। কারণ এই সময় ফুটবলাররা আসন্ন আইএসএলের জন্য প্রস্তুতি নিচ্ছিল।" তিনি আরও বলেন, "প্রায় দু'সপ্তাহ আগে এফসি গোয়া, মোহনবাগান, এসসি দিল্লি, বেঙ্গালুরু এফসি এবং নর্থইস্ট ইউনাইটেডের পাঁচ সিইও-র সঙ্গে জাতীয় দলের কোচ খালিদ জামিল, ম্যানেজার ভেলু ধয়ালামণি এবং এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেলের (ডিএসজি) বৈঠক হয়েছিল। অক্টোবর ও নভেম্বরের ফিফা উইন্ডো নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সত্যনারায়ণের সংযোজন, "অনেকদিন পর সম্ভবত এই প্রথম ক্লাব ও জাতীয় দলের কোচ নিজেদের মধ্যে এতটা ঘনিষ্ঠ মতবিনিময় করলেন। ক্লাবগুলিও জানায়, জাতীয় দল গঠনে তারা সহযোগিতা করবে।" বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে খালিদ জামিলের দল দেখিয়েছে লড়াইটা মাঠে হয়। চোখে চোখে রেখে লড়াই করতে জানলে কোনও কিছুই অসম্ভব নয়। হোক না সামনে বিশ্বকাপারে বোঝাই দল। সেখানে প্রতি মুহূর্তে পানামাকে পিছনে ফেলে দিলেন আনোয়ার-মনবীররা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা দেশকে আটকে দিল ১৩৮তম স্থানে থাকা ভারত।

এমন ঐতিহাসিক পারফরম্যান্সের জন্য জামিল, তাঁর কোচিং স্টাফ এবং ফুটবলারদের কৃতিত্ব দেওয়া হয়েছে। সত্যনারায়ণের কথায়, "শুক্রবার কান্তিরাভায় দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য জামিল, তাঁর কোচিং স্টাফ এবং খেলোয়াড়রা পূর্ণ কৃতিত্বের দাবিদার।" তবে প্রস্তুতির জায়গায় ভারত ও পানামার মধ্যে ফারাক ছিল বলেও উল্লেখ করেছেন তিনি। "পানামার ফুটবলাররা ম্যাচের আগে নিজেদের ক্লাবের হয়ে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছেন। ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে ছবিটা এক ছিল না," বলেন ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি।

ভারত অনবদ্য খেললেও গ্যালারি ভরেনি। যা নিয়ে আলোচনা অব্যাহত। এই প্রসঙ্গে সত্যনারায়ণ বলেন, "কলেজগুলিকে বিনামূল্যে টিকিট দেওয়া হয়েছিল। এমন খবর ঠিক নয়। প্রায় ১০ হাজার দর্শক মাঠে ছিলেন। রবিবার ম্যারাথন থাকায় ম্যাচটি শনিবার থেকে এগিয়ে শুক্রবার করার ফলে দর্শকসংখ্যায় প্রভাব পড়ে থাকতে পারে। টিকিটের দামও হয়তো তার একটি কারণ। তবে বিশ্বকাপের একটি দলের খেলা মাঠে বসে দেখতে গেলে কিছুটা দাম দিতেই হয়।" প্রসঙ্গত, ব্রাজিল এবং উরুগুয়ে ম্যাচ খেলতে ২৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১২:৩৫ মিনিট নাগাদ কলকাতায় পা রাখছে ভারতীয় ফুটবল দল। ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে যুবভারতীতে নামবে ব্লু টাইগার্স।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AIFFIndia Football TeamPanama
Advertisement
Tags :
AIFFIndia Football TeamPanama

নিয়মিত খবরে থাকতে ফলো করুন