ব্রাজিল ম্যাচকে 'সবচেয়ে বড় পার্টি' বানাতে চায় ফেডারেশন, প্রচারের মুখ পঙ্কজ ত্রিপাঠী
Prasenjit Dutta
আইএফএ বা তিন প্রধানে ঢুঁ মারুন। ব্রাজিল ম্যাচের (India vs Brazil) জন্য ভারতীয় ফুটবল ফেডারেশন দশ শতাংশ ছাড়ে বিক্রি করার জন্য যে ১৪ হাজার টিকিট দিয়েছিল, তা পড়ে আছে। ৫ হাজার ৪০০ টাকা দিয়ে একটি টিকিট কেনার জন্য ময়দানে লোকজনের সেভাবে কোনও চাহিদা নেই। ৭ দিন পরে শহরে ভিনিসিয়াস জুনিয়রদের ম্যাচ। কিন্তু শহর জুড়ে কোথাও কোনও প্রোমোশনাল ইভেন্ট দেখতে পাবেন না। হোর্ডিং নেই। ফেস্টুন নেই।
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের প্রোমোশন ঘিরে ভারতীয় ফুটবল হয়তো হাত গুটিয়ে বসে থাকতে পারে। কিন্তু পানামা ম্যাচের মতো ব্রাজিল-উরুগুয়ে ম্যাচেও যে সর্বভারতীয় চ্যানেল ম্যাচগুলি সম্প্রচার করবে, সেই ‘সোনি পিকচার্স নেটওয়ার্ক’ কিন্তু হাত গুটিয়ে বসে সেই। ব্রাজিল ম্যাচের প্রচারের জন্য মাঠে নামিয়ে দিয়েছে বলিউড তারকা পঙ্কজ ত্রিপাঠীকে। ব্রাজিল ম্যাচকে লক্ষ্য রেখে শুরু করা হয়েছে নতুন ক্যাম্পেন, ‘ইন্ডিয়া কি সবসে বড়ি পার্টি।’
আরও পড়ুন:
একটি ছোট টিজারের মাধ্যমে ৩ অক্টোবর এক বিশাল বড় পার্টির রহস্যময় আমন্ত্রণ জানাচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী। আর সেই আমন্ত্রণের কারণটি শেষে জানা যায়, ৩ অক্টোবর কলকাতায় ভারত-ব্রাজিল ম্যাচের আমন্ত্রণ নিয়ে। মাত্র ৬৫ সেকেন্ডের টিজার। হিন্দি, তামিল, তেলুগু আর কন্নড় ভাষায় চালাচ্ছে ‘সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া’। যেখানে পঙ্কজ ত্রিপাঠী ৩ অক্টোবরে খান, কাপুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন তাঁর ব্যক্তিগত পার্টিতে। কিন্তু কেউই পঙ্কজ ত্রিপাঠীর পার্টিতে যোগ দিতে সময় পাচ্ছেন না। পরে জানা যায়, সবাই সেদিন সোনি নেটওয়ার্কে ভারত-ব্রাজিল ম্যাচ দেখবেন। ফলে ত্রিপাঠীজি কি পার্টি ক্যানসেল।
এখানেই শেষ নয়। কখনও তিনি ভারতীয় দলের অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধুর সঙ্গে মজার আড্ডা দিচ্ছেন ব্রাজিল ম্যাচ নিয়ে। কখনও আবার মজার ছলে ফুটবলের নানাবিধ কৌশল শেখাচ্ছেন। সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার তরফে যাবতীয় ক্যাম্পেনই করা হচ্ছে ব্রাজিল ম্যাচকে ঘিরে। সঙ্গে অবশ্যই ৬ অক্টোবর সোনিতে উরুগুয়ে ম্যাচটাও দেখা যাবে।
এই প্রসঙ্গে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার চিফ রেভিনিউ অফিসার, তথা বিজনেস হেড রাজেশ কোল ফোনে বললেন, ‘‘ব্রাজিল, উরুগুয়ে ম্যাচগুলি আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আমরা এমনই একটা ক্যাম্পেন তৈরি করতে চেয়েছি, যা ব্রাজিল ম্যাচের গুরুত্ব এবং উত্তেজনার সঙ্গে মানানসই।’’ আর সোনি নেটওয়ার্কস ইন্ডিয়ার মাধ্যে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী জানিয়েছেন, ‘‘একমাত্র ফুটবলেরই রয়েছে, মানুষকে একত্রিত করার অসামান্য ক্ষমতা। এই ম্যাচগুলি ঘিরে যে মানুষের মনে যে উত্তেজনা তৈরি হয়েছে তা সত্যিই অনন্য।’’
তবে শুধুই পঙ্কজ ত্রিপাঠীকে দিয়ে ভিডিও ক্যাম্পেন করিয়েই চুপচাপ বসে নেই সোনি নেটওয়ার্কস। ঠিক হয়েছে, দু-এক দিনের মধ্যেই শহর জুড়ে ব্রাজিল ম্যাচের জন্য হোর্ডিংয়ে মুড়ে দেবে তারা। ৩ অক্টোবর এবং ৬ অক্টোবর ব্রাজিল এবং উরুগুয়ে দুটো ম্যাচই দেখা যাবে ‘সোনি লিভ’ এবং বাংলায় ‘সোনি আট’-এ। সব ক’টি ম্যাচের সম্প্রচারে প্রোডাকশনের দায়িত্ব পেয়েছে কলকাতার ‘কেপিএস স্টুডিও।’ ঘরে বসে ফুটবল ফ্যানরা যাতে দারুণভাবে ম্যাচটি টিভির পর্দায় উপভোগ করতে পারেন, তাই ২২টি ‘হাইস্পিড’ ক্যামেরা দিয়ে ব্রাজিল ম্যাচ সম্প্রচার করবে কেপিএস স্টুডিও। তবে ম্যাচের আগেই টিভির দর্শকদের জন্য ব্রাজিল ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড় চড় করে বাড়িয়ে তোলার জন্য নানা কর্মসূচি নিচ্ছে সোনি নেটওয়ার্ক।