ব্রাজিল থেকে এসেছেন রাঁধুনি, দিনে পাঁচবার আহার, ভিনিসিয়াসদের পাতে কলকাতার টাটকা মাছও
পাঁচ বেলায় কী কী খাচ্ছেন ব্রাজিলের তারকারা।
Subhajit Mandal
04:30 PM Oct 02, 2026 IST
-
-
বৃহস্পতিবার রাতে ২৬ জন ফুটবলার নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে কলকাতায় পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুক্রবার বিকালে যুবভারতীর মূল মাঠে অনুশীলন করবে সেলেকাওরা। তারপর আজ সন্ধেতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্রাজিল এবং উরুগুয়ে দলকে সান্ধ্যকালীন ভোজনে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে ভিনিদের জন্য বাঙালি এবং ভারতীয় খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে সূত্র বলছে, ব্রাজিল ফুটবলাররা ব্রাজিল থেকে আনা নিজেদের রাঁধুনির তৈরি খাবারই খাচ্ছেন।
-
কলকাতায় দলের খাবারের মেনু মূলত তৈরি করছেন দলের সঙ্গে আসা নিজস্ব শেফ ও পুষ্টিবিদরা। দিনে প্রায় পাঁচবার নির্দিষ্ট ডায়েট মেনে খাবার দেওয়া হচ্ছে ফুটবলারদের। তাঁদের লাঞ্চ ও ডিনারের মেন্যুতে থাকছে, ব্রাউন রাইস, স্প্যাগেটি, বেকড বিনস, মাছ, চিকেন, মাংস, গ্রিন স্যালাড ও সামান্য ডেজার্ট।
-
তবে মাছের উপর বিশেষ জোর। বিভিন্ন ধরনের টাটকা মাছ খেতে পছন্দ করেন ব্রাজিলের ফুটবলাররা। দলের শেফরাই সেই মাছ রান্না করছেন বলে সূত্রের খবর। মেন্যুতে থাকছে নরওয়েজিয়ান স্যামনসহ বিভিন্ন সামুদ্রিক মাছ। তবে কলকাতার বাজার থেকে টাটকা মাছও নাকি কিনে নিয়ে যাওয়া হয়েছে ব্রাজিল ফুটবলারদের জন্য। সূত্রের খবর, কলকাতার মাছের বাজারের টাটকা মাছ বেশ উপভোগ করছেন ব্রাজিল ফুটবলাররা।
-
তাঁদের আমিষ খাবারের মেনুতে থাকছে মূলত গ্রিলড চিকেন, পর্ক ও ভেড়ার মাংস। সূত্রের খবর, পর্ক ও ভেড়ার মাংস মুম্বই থেকে আনা হচ্ছে। খাবারের সঙ্গে থাকছে পরিমিত ভাত, বিভিন্ন ধরনের ডাল ও বিনস, আলু, সবজি এবং স্যালাড। রান্নায় তেলের ব্যবহারও কঠোরভাবে নিয়ন্ত্রিত। প্রধানত ব্যবহার করা হচ্ছে অলিভ অয়েল।
-
শুক্রবার সকালেও নিজেদের শেফের তৈরি খাবারেই ব্রেকফাস্ট সারেন ফুটবলাররা। মেনুতে ছিল ব্রেড, সেদ্ধ ডিম, ফল এবং সবুজ সবজির স্যালাড। পানীয় হিসেবেও নির্দিষ্ট ডায়েট মেনে চলছেন তাঁরা। ব্রাজিল ফুটবলাররা হালকা কসরত করেছেন। আজ বিকালেই অনুশীলন সারেন তাঁরা।
Advertisement
Advertisement