শেষ মুহূর্তে ড্র, ভারতে আসার আগে অস্ট্রেলিয়ায় হতশ্রী ব্রাজিল! অঘটনের স্বপ্ন দেখবেন আনোয়াররা?
Arpan Das
ব্রাজিলের ভারত সফর নিয়ে তুঙ্গে উত্তেজনা। দু'দলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। অঘটনের সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু স্বপ্ন দেখতে দোষ কোথায়? অস্ট্রেলিয়ার কাছে তারকাখচিত ব্রাজিল দল যেভাবে ড্র করল, তাতে ব্লু টাইগার্সরা উজ্জীবিত হতেই পারেন। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহারা অজিভূমে কোনও মতে ১-১ গোলে ড্র করল। যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বিশ্বকাপে ব্যর্থতার পরও খুব একটা উন্নতি হয়নি কার্লো আন্সেলোত্তির দলের।
বিশ্বকাপে শেষ ষোলোয় থেমে গিয়েছিল ব্রাজিলের সফর। তারপর নতুন করে দলগঠনের কাজ করছেন কোচ আন্সেলোত্তি। অবসর নিয়েছেন নেইমার। নতুন মুখ হিসেবে উঠে এসেছেন এস্তেভাও, এনড্রিকরা। অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ থেকে শুরু হচ্ছে সেলেকাওদের নতুন অভিযান। সেখানে প্রথম একাদশে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, মারকিউনহোস, ব্রুনো গুইমারেসের মতো তারকারা ছিলেন। কিন্তু কোথায় নতুন যুগ? হারিয়ে গিয়েছে পুরনো সাম্বার ঝলকও। অস্ট্রেলিয়া নিঃসন্দেহে শক্তিশালী দল। বিশ্বকাপে শেষ বত্রিশে উঠেছিল। কিন্তু জ্যাকসন আর্ভিং, হ্যারি সৌত্তাররা যেভাবে ব্রাজিলকে আটকে দিলেন, তা প্রশংসাযোগ্য।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে প্রথমার্ধে একাধিক চেষ্টায় কোনও দল গোলের দেখা পায়নি। এস্তেভাওয়ের গোল ভার দেখে বাতিল করা হয়। গোলমুখী আক্রমণ বা বল পজেশনে ব্রাজিল এগিয়ে ছিল ঠিকই। তবে সার্বিকভাবে সংঘবদ্ধ দেখায়নি আন্সেলোত্তির ছাত্রদের। উলটে দ্বিতীয়ার্ধে গোল হজম করে বসে। ৬৮ মিনিটে অনবদ্য ফ্রিকিকে ব্রাজিলের জালে বল পাঠান অস্ট্রেলিয়ার নেস্তোরি ইরানকুন্ডা। এরপর ব্রাজিলের লাগাতার আক্রমণেও হাল ফেরেনি। অবশেষে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে রাফিনহার কর্নার থেকে হেডে গোল করে রায়ান। সমতা ফেরানোর পর আর বিশেষ কিছু করার ছিল না।
এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রাজিলের আরেকটি ম্যাচ আছে। তারপর ৩ অক্টোবর কলকাতায় ঐতিহাসিক ব্রাজিল-ভারত যুদ্ধ। ফলাফলের ঊর্ধ্বে আনোয়ার আলি, মনবীর সিংদের থেকে লড়াকু ফুটবল আশা করছেন ভক্তরা। অস্ট্রেলিয়ায় ব্রাজিল যেভাবে খেলল, তাতে জানপ্রাণ দিয়ে লড়াই করলে কি অঘটন সম্ভব?