অসম্মানের বিদায়! কোচের সঙ্গে ঝামেলায় পর্তুগাল শিবির ছাড়লেন রোনাল্ডো, 'অবসর' আসন্ন?
Subhajit Mandal
শেষটা বোধহয় এভাবে না হলেও পারত! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), যিনি জাতীয় দলের জার্সিতে দু'দশকেরও বেশি সময় দাপিয়ে খেলেছেন। যাঁর সৌজন্যে আজ পর্তুগালের নামের পাশে ইউরো কাপ, নেশনস লিগের মতো ট্রফি, তাঁকেই শেষমেশ 'অপমানিত', 'লাঞ্ছিত' হয়ে ছাড়তে হল পর্তুগাল শিবির। কোচ হোর্হে জেসাসের সঙ্গে বিবাদের জেরে জাতীয় দলের শিবির থেকে মাঝপথেই বেরিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো। যা পরিস্থিতি তাতে আদৌ তাঁকে আর পর্তুগালের জার্সিতে দেখা যাবে কিনা সংশয় তৈরি হয়েছে।
নরওয়ের বিরুদ্ধে নেশনস লিগের শেষ ম্যাচে পর্তুগাল কোচ হোর্হে জেসাস মাঠে নামাননি টিমের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। মাঠে নামানোর জন্য ওয়ার্ম করানোর পরও তাঁকে মাঠে নামানো হয়নি। ডেনমার্কের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচেও তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলে দেন, "আমার কাছে মাত্র একজন ফুটবলার রয়েছে তেমন নয়। আমাদের একমাত্র লক্ষ্য নেশনস লিগ জেতা। রোনাল্ডোই তো সব নয়।"
আরও পড়ুন:
হোর্হে জেসাস বলেন, "যদি কেউ ২০-৩০ মিনিট ওয়ার্ম আপ করার পর খেলার সুযোগ না পায় রেগে যাওয়া স্বাভাবিক। সেটা রোনাল্ডো হোক, পেলে হোক বা মারাদোনা। একজন বড় প্লেয়ার মানেই তাঁকে বিশেষ সুবিধা দেওয়া যায় না। বিশেষ সম্মান পেতে পারেন। সুবিধা নয়। সেটাই আমার ফুটবলারদের বলে দিয়েছি। এখানে আমিই শেষ কথা।" কোচের ওই অসম্মানজনক মন্তব্যেই রেগে যান রোনাল্ডো। যার পর পর্তুগাল শিবির ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সিআর সেভেন।
এ দিন তিনি নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে এক বিবৃতিতে জানিয়ে দেন যে, পর্তুগাল কোচের সাংবাদিক সম্মেলনের পর এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের সঙ্গে কথাবার্তার পর তিনি শিবির ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গে জানিয়েছেন, তিনি টিমের বোঝা হয়ে কখনও থাকতে চাননি, আজও চান না। যে মুহূর্তে বুঝেছেন, পর্তুগালের তাঁকে আর দরকার নেই, তিনি সরে গিয়েছেন। বলাই বাহুল্য, রোনাল্ডোর সিদ্ধান্ত পর্তুগালের নেশনস লিগের ম্যাচের আগে বিতর্কের জন্ম দিয়েছে। জানা গিয়েছে রাতেই কোপেনহেগেন থেকে মাদ্রিদ গিয়েছেন সিআর। সেখানে নিজের পরিবারের সঙ্গে আলোচনার পর জাতীয় দল সম্পর্কে সত্যি প্রকাশ করতে চান তিনি।