মিগুয়েলের পেনাল্টি মিস, ছন্নছাড়া ফুটবলে শিল্ডে নর্থইস্টের কাছে আটকে গেল বিদেশি বোঝাই মোহনবাগান
Arpan Das
মোহনবাগান: ১ (আরউইন)
নর্থইস্ট ইউনাইটেড: ১ (এথিয়ান)
সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে দুই দলেরই। আইএফএ শিল্ডে (IFA Shield 2026) গ্রুপ পর্বে মোহনবাগান (Mohun Bagan) ও নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United) দু'রকম পরীক্ষায় নেমেছিল। ঘরের মাঠে মোহনবাগান প্রায় সব বিদেশি নামিয়ে দিল। আর নর্থইস্ট নামাল ভারতীয় একাদশ। ফলাফল ১-১ গোলে ড্র। লি আরউইনের গোল শোধ হয়ে গেল ২৫ মিনিটের মধ্যে। সুযোগ তৈরির অভাব। পেনাল্টি মিস মিগুয়েলের। সবুজ-মেরুন কোচের পরিকল্পনায় হাজারও গলদ। সেমিতে উঠলেও প্যানাজিওটিস ও তাঁর ছক নিয়ে চিন্তা থাকবে সবুজ-মেরুন ভক্তদের।
আরও পড়ুন:
সমির জেলকোভিচ, আলবার্তো রড্রিগেজ, ডেজান ড্রাজিচ, লি আরউইন- চার বিদেশি। এর সঙ্গে লিস্টন কোলাসো, ছাংতেরা। জাতীয় দলের জন্য অনেক প্লেয়ার না থাকলেও বিদেশি প্লেয়ারে বোঝাই হয়েই নেমেছিল মোহনবাগান। সেখানে নর্থইস্ট ইউনাইটেড কোচ পেদ্রো বেনালি প্রথম একাদশে কোনও বিদেশিই রাখেননি। অথচ তাঁদের কাছেই আটকে গেল সবুজ-মেরুন আক্রমণ। কারও সঙ্গে কারও যেন যোগাযোগ নেই। ডেজান ও সমির একসঙ্গে কী করবেন বুঝতে পারছিলেন না। লিস্টন কোলাসোর যা অবস্থা, তাতে তাঁর জায়গায় অনায়াসে সায়ন বন্দ্যোপাধ্যায় প্রথম একাদশে আসতে পারেন। এর মধ্যে কিছুটা নজর কাড়লেন বড় চেহারার লি আরউইন। গতি কাজে লাগাচ্ছিলেন ছাংতেও। প্রথমার্ধে নিঃসন্দেহে দাপট ছিল মোহনবাগানের। কিন্তু যদি গোলই না আসে, তাহলে কী লাভ! ছন্নছাড়া ফুটবলের সঙ্গে প্রশংসা প্রাপ্য নর্থইস্টের গোলকিপার দীপেশের।
দ্বিতীয়ার্ধে মিগুয়েল ও জেমি ম্যাকলারেনকেও নামিয়ে দেন প্যানাজিওটিস। তার এক মিনিট পরেই সুফল পেল মোহনবাগান। ড্রাজিচের ক্রস হেড করে পিছন দিকে ভাসিয়ে দেন ম্যাকলারেন। সেই বল ধরে মুহূর্তের মধ্যে জালে বল জড়িয়ে দেন আরউইন। গোল পাওয়ার পর মাত্র ২০ মিনিটের জন্য ছন্দে ফেরে। ৭০ মিনিটে নর্থইস্টের হ্যান্ডবলে পেনাল্টি পায় মোহনবাগান। কিন্তু মিগুয়েলের শট বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন দীপেশ। আর ঠিক তিন মিনিট পরেই নর্থইস্টের আঘাত। মোহনবাগান ডিফেন্ডারদের অনায়াসে পিছনে ফেলে বক্সের মধ্যে ঢুকে পড়েন ইথিয়ান। আলবার্তো, রাহুল ভেকেরা শুধু দেখে গেলেন। বিশাল কাইথকে পরাস্ত করে সমতা ফেরাতে বিন্দুমাত্র ভুল করেননি নর্থইস্ট স্টাইকার। শেষদিকে সুহেল আহমেদ ভাট, কিয়ান নাসিরিরা সুযোগ হাতছাড়া করেন।
সেমিতে মোহনবাগানের প্রতিপক্ষ কারা, তা এখনও জানা যায়নি। এর মধ্যে চোট পেয়ে মাঠ ছাড়লেন ম্যাকলারেন। সমির ও কোলাসোর ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকছেই। বিপক্ষ ফুটবলারকে পা ছুড়ে হলুদ কার্ড দেখলেন শুভাশিস বোস। যা লাল কার্ড দেখালেও ভুল হত না। এগুলো কি ছন্নছাড়া ফুটবলের হতাশা থেকে? প্যানোস স্যরের সামনে কিন্তু অনেক ধাঁধা।