আজ পানামার বিরুদ্ধে নামছে ভারত, কার্লোকে জবাব খালিদের
Prasenjit Dutta
ভারতীয় ফুটবল সংস্কৃতি নিয়ে বলতে গিয়ে ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি বলেছেন, ভারতের শক্তিশালী ফুটবল সংস্কৃতির অভাব রয়েছে। পাশাপাশি এদেশে তৃণমূল স্তরের ফুটবলারদের উঠে আসার জন্য আরও ভালো পরিবেশ গড়ে তোলা উচিত বলে মনে করছেন তিনি। শুক্রবার ঘরের মাঠে পানামার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে নামার চব্বিশ ঘণ্টা আগে ব্রাজিল কোচের এমন উক্তির প্রসঙ্গে ভারতের কোচ খালিদ জামিল কোনও মন্তব্য করতেই চাইলেন না। আন্সেলোত্তির মতো কোচের এমন উক্তিতে কি পানামার (Panama) বিরুদ্ধে নামার আগে চাপে পড়ে গেল ভারত (India)?
বরং আন্সেলোত্তি প্রসঙ্গে খালিদ মনে করেন, প্রত্যেক মানুষেরই মতামত দেওয়ার অধিকার রয়েছে। সেই মতো ব্রাজিল কোচেরও অধিকার রয়েছে নিজের মতো করে মত প্রকাশের। এক্ষেত্রে সেটাই করেছেন বলে মনে করছেন ভারতীয় কোচ। সাংবাদিক সম্মেলনে খালিদ বলেন, “এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে ভাবছি না, প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমি শুধুমাত্র পানামা ম্যাচ নিয়ে ভাবতে চাই।”
আরও পড়ুন:
তিন বছর আগে এই কান্তিরাভা স্টেডিয়ামেই কুয়েতকে হারিয়ে সাফ জিতেছিল ভারত। ইগর স্টিমাচের কোচিংয়ে সেই প্রতিযোগিতায় পাঁচ গোল করে সুনীল ছেত্রী সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। সময় বদলেছে, স্টিমাচের হটসিটে এখন খালিদ জামিল। ভারতীয় দলে এখন সুনীলও নেই। এমন পরিস্থিতিতেই শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে নামছে ভারত। কিন্তু সুনীল চলে যাওয়ার পর স্ট্রাইকিং পজিশনে গোল করার লোকের অভাব দেখা গিয়েছে। রায়ান উইলিয়ামস যোগ দিলেও সুনীল পরবর্তী কাউকে তুলে আনতে পারেননি খালিদ।
এই ফিফা উইন্ডোতে ভারত ব্রাজিল-সহ যে তিনটি সদ্য বিশ্বকাপ খেলে আসা শক্তিশালী দলের সঙ্গে তিনটি ফ্রেন্ডলি খেলবে, তাদের মধ্যে সব থেকে কম র্যাঙ্কিংয়ের দল পানামা। তবুও র্যাঙ্কিংয়ের বিচারে ভারতের থেকে ৯৪ ধাপ এগিয়ে রয়েছে পানামা। এই মুহূর্তে ভারতের অবস্থান যেখানে ১৩৮। সেখানে পানামা রয়েছে ৪৪তম স্থানে। সাম্প্রতিক সময়ে খালিদ জামিলের দলের ট্র্যাক রেকর্ড ভালো নয়। টানা চারটি ম্যাচে জয়ের মুখ না দেখা ভারত চাইবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। ভারতের সর্বশেষ জয়টি এসেছিল ৩১ মার্চ, এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে।
এই ম্যাচের পরই ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নামবেন রায়ান উইলিয়ামসরা। ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে এই ম্যাচে ভদ্রস্থ ফলাফল চাইছেন খালিদ। এদিন পানামার বিরুদ্ধে নামার আগে তিনি বলেন, “বিশ্বকাপ খেলে আসা এই ধরনের উন্নত একটি দলের বিপক্ষে খেলতে পারাটা আমাদের কাছে আনন্দের বিষয়। পানামার একজন দক্ষ কোচ ও ভালো মানের খেলোয়াড় রয়েছে, স্বাভাবিকভাবেই আমরা এই ধরনের প্রতিপক্ষের খেলার জন্য উন্মুখ হয়ে আছি।”
নিজেদের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধেও রক্ষণাত্মক নীতি নিতে চান না খালিদ। তিনি আরও যোগ করেন, “প্রতিপক্ষ শক্তিশালী হলেও রক্ষণাত্মক নীতি নেওয়ার পক্ষপাতী নই। রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য বজায় রাখব। পরিস্থিতির উপর ভিত্তি করেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।” ভারতে খেলতে আসা পানামা স্কোয়াডে ১৪ জন বিশ্বকাপ খেলে আসা ফুটবলার রয়েছেন। এঁদের মধ্যে একাধিক ফুটবলার মেজর লিগ সকার, টার্কি লিগ ও অস্ট্রিয়া, মেক্সিকোতে খেলেন। গত বিশ্বকাপে পানামার গ্রুপে ছিল ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া।