দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
India vs Brazil

এই প্রথমবার নয়, অতীতেও বারবার হয়েছে ভারত-ব্রাজিল ম্যাচ, কেমন ছিল পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে পারফরম্যান্স?

ফিফার ক্রমতালিকায় ভারত যেখানে ১৩৮ নম্বরে নেমে গিয়েছে, সেখানে ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে।
Anwesha Adhikary
09:00 AM Oct 02, 2026 IST
ফিফার ক্রমতালিকায় ভারত যেখানে ১৩৮ নম্বরে নেমে গিয়েছে, সেখানে ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে।
  • পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সেই ব্রাজিল খেলতে নামবে ভারতীয় ফুটবলের মক্কা, সিটি অফ জয় কলকাতার বুকে। ফিফার ক্রমতালিকায় ভারত যেখানে ১৩৮ নম্বরে নেমে গিয়েছে, সেখানে ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে। স্বভাবতই দুই দলের মধ্যে সম্মুখ সমরের সংখ্যা খুবই কম। তবে নানা পর্যায় মিলিয়ে মোট পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত এবং ব্রাজিল। স্বভাবতই এই ম্যাচগুলিতে ভারত জিততে পারেনি। তবে কিছুক্ষেত্রে লড়াই করেছে ভারতীয় দল।

  • প্রথমবার ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামা ভারতীয় দলে ছিলেন আপুইয়ারা। দশ বছর আগে ব্রিকস সামিট উপলক্ষে গোয়ায় অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট হয়েছিল। পাঁচ দেশের টুর্নামেন্টে প্রথমবার ব্রাজিলের মুখোমুখি হয় ভারত। সেই দলের হয়ে খেলতে নেমেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। গোলও করেছিলেন। ভারতের হয়ে অনবদ্য গোল করে নজর কেড়েছিলেন কোমল থাটাল। একসময় ভারতের ‘নেইমার’ বলে পরিচিত ছিলেন সিকিমের তরুণ। আজ ভারতীয় ফুটবলের চেনা বৃত্তে নেই তিনি।

  • ২০১৬ সালের সেই ব্রিকস টুর্নামেন্ট উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সর্বোচ্চ গোলদাতা ছিলেন ভিনি। ভারত একটিও ম্যাচ জিততে পারেনি। টুর্নামেন্টে ভারত একটাই গোল করেছিল, সেটাও ব্রাজিলের বিরুদ্ধেই। ওই ম্যাচে খেলা একমাত্র আপুইয়া আছেন ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় দলে। সুরেশ সিং এবার দলে না থাকলেও ভারতীয় দলে খেলেছেন। তবে ওই দলের একঝাঁক তারকা একেবারে হারিয়ে গিয়েছেন।

  • ভারত বনাম ব্রাজিলের পরবর্তী ম্যাচটা খেলা হয় মহিলা দলের মধ্যে। ২০২১ সালে সেই ম্যাচ খেলতে ভারতের মহিলা দল পাড়ি দিয়েছিল ব্রাজিলে। তোরনিও ইন্টারন্যাশনাল দে ফুতবল ফেমিনিনো নামে চতুর্দেশীয় এক টুর্নামেন্ট খেলতে নামেন ব্লু টাইগ্রেসরা। ৬-১ বিধ্বস্ত হলেও ইতিহাস গড়েন মণীষা কল্যাণ। ভারতীয় দলের প্রথম সিনিয়র সদস্য হিসাবে তিনি গোল করেন ব্রাজিলের বিরুদ্ধে। ওই ম্যাচ খেলে অবসর নেন ব্রাজিল কিংবদন্তি ফোরমিগা।

  • বিশ্বকাপেও খেলা হয়েছে ভারত বনাম ব্রাজিল ম্যাচ। ২০২২ অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে আয়োজক হিসাবে খেলতে নামে ভারত। গ্রুপে ছিল ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মরক্কো। একটাও ম্যাচে ভারত জিততে পারেনি। ব্রাজিলের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ভারত। কিন্তু ০-৫ গোলে চূর্ণ হয় দল। জোড়া গোল করেন ব্রাজিলের দুই ফুটবলার অ্যালিন গোমস এবং লারা। ম্যাচের প্রথম গোলটি করেন গ্যাব্রিয়েল বার্চন।

  • সম্প্রতি ফুটবলপ্রেমীদের নস্ট্যালজিয়া উসকে দিতে ভারত এবং ব্রাজিলের প্রাক্তনীদের নিয়ে শুরু হয়েছে দ্য টাইটান সিরিজ। গত বছর এই সিরিজের প্রথম ম্যাচ খেলা হয়। চেন্নাইয়ের এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দেশের প্রাক্তন ফুটবলারদের মধ্যে। প্রথমে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিয়োলা। গোল শোধ করে দেন বিবিয়ানো ফার্নান্ডেজ। পরে পরিবর্ত হিসাবে মাঠে নেমে গোল করে রিকার্ডো নিশ্চিত করেন ব্রাজিলের ২-১ জয়।

  • কয়েকদিন আগেও কোচিতে খেলতে নেমেছিলেন ভারত এবং ব্রাজিলের প্রাক্তনীরা। প্রথম গোলটি আসে কিংবদন্তি রোনালডিনহোর পা থেকে। ২০০২ বিশ্বজয়ী ব্রাজিল দলের বহু তারকাই এই দলে ছিলেন। ভারতের আইএম বিজয়ন, বাইচুং ভুটিয়ার মতো তারকারাও খেলেছেন ওই ম্যাচে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪-৩ জিতে যায় ভারত। ভারতের হয়ে জোড়া গোল করেন সিকে বিনীথ। একটি গোল অসীম বিশ্বাসের। ব্রাজিলের হয়ে হ্যাটট্রিক ফের্নান্ডিনহোর।

  • এই প্রথমবার ভারত এবং ব্রাজিলের সিনিয়র পুরুষ দল ম্যাচ খেলবে। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবে দুই দল। আগের ম্যাচে পানামাকে আটকে দিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতীয় দল। অন্যদিকে অস্ট্রেলিয়াকে একটা ম্যাচ ৪-২ হারালেও আরেকটা ম্যাচে আটকে গিয়েছে ব্রাজিল। এই ম্যাচের ফলাফল কেমন হবে? অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BrazilIndia Football Team
Advertisement
Tags :
BrazilIndia Football Team

নিয়মিত খবরে থাকতে ফলো করুন