ভারত না ব্রাজিল, সমর্থন কাকে? যুবভারতীর মেগা ম্যাচে ধর্মসংকটে কলকাতার একমাত্র সাম্বা-পরিবার!
Arpan Das
আগামী ৩ অক্টোবর আপনি কাকে সমর্থন করবেন? ব্রাজিল (Brazil) নাকি ভারত (India) ?
দীর্ঘ কুড়ি বছর ধরে কলকাতায় বাস করা সম্ভবত একমাত্র ব্রাজিলিয়ান পরিবারের কর্তা এডভান কার্ভালহো এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশ দ্বিধায়। আর হবে না-ই বা কেন? মাত্র এক মাসের জন্য কলকাতায় আসার পরিকল্পনা করলেও, সেই একমাস কীভাবে কুড়ি বছরে বদলে গিয়েছে তা আজও বুঝতে পারেনি এডভান আর তাঁর স্ত্রী ডাইসে।
আরও পড়ুন:
কুড়ি বছরের সম্পর্কের এই শহর এখন তাঁদের আত্মায়। মাঝে মাঝে অল্প সময়ের জন্য দেশে চলে গেলেও, ছেড়ে যেতে পারেননি কলকাতাকে। উত্তর ব্রাজিলের পোর্তো ভেলহোতে জন্ম এডভানের। আর ডাইসের জন্ম রিওতে। কুড়ি বছর আগে তাঁরা এসেছিলেন দু’জন। এখন তাঁদের সংসার বেড়ে হয়েছে পাঁচ জনের। দুই মেয়ে ও এক ছেলে। তাদের জন্মও আবার ভারতেই। পড়াশোনাও কলকাতায়। ৩ অক্টোবর যুবভারতীতে যাবেন কার্ভালহো পরিবারের সব সদস্যই। কিন্তু আদ্যোপান্ত বাঙালি হয়ে যাওয়া এডভান আর ডাইসে কোন দলকে সমর্থন করবেন?
এই শহরে থাকার ফলে একাধিক ডার্বি ম্যাচ দেখতে গিয়েছেন। ব্যারেটোর খেলা দেখতে দেখতেই মোহনবাগানের প্রেমে পড়েছেন এডভান। তবে ছেলে মার্কাস কয়েক বছর খেলেছে ইস্টবেঙ্গল ফুটবল স্কুলে।
হাসতে হাসতে বছর সাতচল্লিশের ব্রাজিলিয়ান ঝরঝরে বাংলায় বলতে শুরু করলেন, “দেখতে দেখতে কুড়িটা বছর কাটিয়ে দিলাম। এই দেশের সংস্কৃতি, নৃত্য আর ফুটবলের টানে স্ত্রীর হাত ধরে চলে এসেছিলাম। থেকে গিয়েছি। এখানকার বাচ্চাদের ফুটবল শেখাই। এখান থেকেই লাইসেন্স করেছি। ৩ তারিখ দুই দলের জন্যই ৫০-৫০ সমর্থন করব। নিজের দেশ ব্রাজিল হলেও এই দেশ, এখানকার মানুষ, এখানকার ফুটবলের সঙ্গেও যে একাত্ম হয়ে গিয়েছি।” এই শহরে থাকার ফলে একাধিক ডার্বি ম্যাচ দেখতে গিয়েছেন। মোহনবাগানের প্রাক্তন তারকা ফুটবলার জোস ব্যারেটোরও কার্ভালহোরা। ব্যারেটোর খেলা দেখতে দেখতেই মোহনবাগানের প্রেমে পড়েছেন এডভান। তবে ছেলে মার্কাস কয়েক বছর খেলেছে ইস্টবেঙ্গল ফুটবল স্কুলে।
কার্ভালহো পরিবারের নরেন্দ্রপুরের ফ্ল্যাটে এখন সাজ-সাজ রব। ভিনিসিয়াস জুনিয়ারের কাট আউট তৈরি হয়ে গিয়েছে। দেওয়ালে টাঙানো বিশাল বিশাল ব্রাজিলের পতাকা। তার ঠিক পাশেই শোভা পাচ্ছে ভারতের পতাকাও। এখন অপেক্ষা তিন অক্টোবরের। কার্ভালহোরা এর আগে একবার মারাকানা স্টেডিয়ামে গিয়েছিলেন ফ্লামেঙ্গোর ম্যাচ দেখতে। তখন ভিনিসিয়াস জুনিয়র খুব ছোট। এখন সেই ভিনি ব্রাজিলের তারকা। এডভানের ছোট মেয়ে এলভিন বলছিলেন, “ভিনিসিয়াস জুনিয়রকে সামনে থেকে খেলতে দেখব, এটা ভেবেই ভালো লাগছে। এই প্রথমবার ব্রাজিলকে খেলতে দেখব।” স্ত্রী ডাইসে বলছেন, “ভারতকে ভালোবেসেই এখানে এসেছি। এই দেশটার সম্পর্কে যা শুনে এসেছিলাম, এখানে এসে দেখেছি তার থেকেও অনেক বেশি ভালো। তাই এই ম্যাচে কাকে সমর্থন করব, তা নিয়ে একটু দ্বিধা হচ্ছেই। ব্রাজিল আমার জন্মভূমি। একজন ব্রাজিলিয়ান হয়েও নিজের দেশকে সমর্থন করব না সেটাও বলতে পারব না। তবে আমার ঘরেও দুটো দেশের পতাকা দেখুন পাশাপাশি রয়েছে।” ৩ অক্টোবর যুবভারতীতে যখন ভিনিসিয়াস-রায়ান উইলিয়ামসরা মাঠে দাপাবেন, ঠিক সেই সময় গ্যালারিতে কার্ভালহো পরিবার দ্বিধায় থাকবেন কাকে সমর্থন করবেন আর কাকে করবেন না তা নিয়েই।