আইএসএলের বাকি মাত্র ৯ দিন, টিভিতে কোথায় দেখা যাবে টুর্নামেন্ট?
Anwesha Adhikary
এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2026) দেখানোর দায়িত্ব পাচ্ছে, 'সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া'। যার অর্থ 'সোনি লিভ' আর 'সোনি আট'-এ দেখা যাবে এবারের আইএসএল। ইউটিউবে যে এই মরশুমের আইএসএল সম্প্রচারিত হবে, তা অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল। পাশাপাশি সোনি-র মতো সর্বভারতীয় চ্যানেল পাওয়ায় এই মরশুমের আইএসএল সম্প্রচার যে অন্য মাত্রা পাবে তা বলাই বাহুল্য।
এই মরশুমের আইএসএল ইউটিউবে দেখানো হবে, তা ক্লাবগুলি অনেক আগেই ফাইনাল করে ফেলেছিল। এর পিছনে একটাই কারণ, নিজেদের ইউটিউব চ্যানেল করতে পারলে, কত দর্শক ফুটবল নিয়ে আগ্রহী, তার একটা সঠিক তথ্য পাওয়া যাবে। ম্যাচ দেখিয়ে ইউটিউব চ্যানেল থেকে অর্থও রোজগার হবে। কিন্তু পাশাপাশি একটা সর্বভারতীয় চ্যানেলেও ম্যাচ দেখানোর পরিকল্পনা ছিল। সেই কারণেই 'জি' এর সঙ্গে অনেকদূর কথাবার্তা হয়ে গিয়েছিল আইএসএলের ক্লাবদের। কিন্তু শেষ মুহূর্তে 'জি'-এর আর্থিক প্রস্তাব পছন্দ হয়নি ক্লাবদের। মাঝে আগ্রহ দেখিয়েছিল জিও হটস্টারও। কিন্তু সেখানেও কিছু চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন:
এরমধ্যেই পানামা, ব্রাজিল, উরুগুয়ে ম্যাচ সম্প্রচার করা সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া আইএসএল নিয়ে আগ্রহ দেখাতে শুরু করে। কথা শুরু হয়ে যায় আইএসএলের ক্লাব কর্তাদের সঙ্গে। যতদূর শোনা যাচ্ছে, ক্লাবদের প্রতিনিধিদের সঙ্গে সোনির কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। হয়তো সরকারি ঘোষণাও দু'-একদিনের মধ্যে হয়ে যাবে। যা জানা যাচ্ছে, সোনির কর্তাদের আইএসএলের ক্রীড়াসূচিও দেখানো হয়ে গিয়েছে। তবে সোনির মতো সর্বভারতীয় চ্যানেলে আইএসএল দেখানোর সিদ্ধান্ত হলেও, পাশাপাশি ইউটিউবেও কিন্তু দেখানো হবে।