ফুটবলারের মৃত্যুর পর ‘খুনি’ তকমা, মানসিক ভাবে ভেঙে পড়ে মুখ খুললেন গোলকিপার ওয়োনো
Prasenjit Dutta
স্পেনের লিগে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা। মাঠেই ফুটবলারের বুকে গুরুতর আঘাত। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ৩০ বছর বয়সে প্রয়াত হন স্প্যানিশ ফুটবলার জেসুস দে মিগুয়েল। এই দুর্ঘটনার পর মানসিক ভাবে বিপর্যস্ত এফসি আন্দোরার গোলকিপার জেসুস ওয়োনো (Jesus Owono)। সেই ঘটনার পর প্রথমবার মুখ খুললেন ২৫ বছরের গোলরক্ষক। জানালেন নিজের মানসিক অবস্থার কথা।
স্পেনের দ্বিতীয় ডিভিশন লিগ সেগুন্ডা ডিভিশনে ম্যাচ চলছিল এফসি অ্যান্ডোরা ও সিডি তেনেরিফের মধ্যে। ম্যাচ ২-২ গোলে শেষ হয়। দুর্ঘটনা ঘটে ম্যাচের একেবারে শেষ দিকে। নিজেদের অর্ধ থেকে স্ট্রাইকার মিগুয়েলের (Jesus de Miguel) দিকে বল বাড়িয়ে দেন তেনেরিফের এক ফুটবলার। মিগুয়েলের সামনে শুধু অ্যান্ডোরার গোলকিপার জেসুস ওয়োনো ছিলেন। তিনি অনেকটা উঠে এসে বল আটকানোর জন্য একেবারে মিগুয়েলের বুকে উঠে পড়েন। গোলকিপারের হাঁটু সোজা গিয়ে লাগে স্প্যানিশ স্ট্রাইকারের বুকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিগুয়েল। প্রথমে কেউ কিছু বুঝতে পারেনি। আঘাত গুরুতর বুঝতে পেরে দ্রুত মেডিক্যাল স্টাফরা ছুটে আসেন। বাকি ফুটবলাররা মাঠেই মাথায় হাত দিয়ে বসে পড়েন। মিগুয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ১০৮ মিনিটে ম্যাচ বাতিল করে দেওয়া হয়। ঘটনার ভিডিও দ্রুত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন:
শত চেষ্টা সত্ত্বেও মিগুয়েলকে বাঁচানো যায়নি। মাঠেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। পরে হৃদরোগে আক্রান্ত হন। স্প্যানিশ সময় মঙ্গলবার সকাল ৮টায় তাঁকে প্রয়াত ঘোষণা করা হয়। বুধবার এফসি অ্যান্ডোরার এক বিবৃতিতে ওয়োনো জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতি সামলে ওঠা তাঁর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, "আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। কী বলব, বুঝে উঠতে পারছি না। যা ঘটেছে, তা মেনে নেওয়া আমার পক্ষে খুবই কঠিন। জেসুসকে হারিয়ে অসীম যন্ত্রণার মধ্যে রয়েছি। কেবল ওকে আর ওর পরিবার নিয়েই ভাবছি। ওকে যাঁরা ভালোবাসতেন, ভাবছি তাঁদের কথাও। জানি, এই ঘটনা নিয়ে অনেক প্রশ্ন উঠবে। যথাযথ সম্মানের সঙ্গেই সব কিছুর মুখোমুখি হব। কিন্তু এই মুহূর্তে খুব যন্ত্রণার মধ্যে আছি। শান্তিতে থেকো, জেসুস।"
এই ঘটনার পর সোশাল মিডিয়ায় প্রবল আক্রমণের মুখে পড়তে হয় ওয়োনোকে। কিছু নেটিজেন তাঁকে 'খুনি' বলে বসেন। এরপর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেন গোলকিপার। তবে তাঁর পাশে দাঁড়িয়েছেন এফসি অ্যান্ডোরা সতীর্থ লাউতারো স্পাৎজ। তিনি লেখেন, 'আমার সতীর্থ, গোলকিপার এবং বন্ধু ওয়োনোর কথা বলতে চাই। এই ঘটনায় ও গভীর ভাবে ভেঙে পড়েছে। যাঁরা ওকে চেনেন, তাঁরা জানেন ও কেমন মানুষ। এই মুহূর্তে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাও জানেন। ইচ্ছাকৃত ভাবে কাউকে আঘাত করার কথা ও কখনও ভাবতে পারে না। ফুটবলে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতেই পারে। কিন্তু তার পরিণতি যে এমন মর্মান্তিক হতে পারে, তা কেউ কল্পনাও করতে পারেনি।' মিগুয়েলের পরিবার, বন্ধু এবং টেনেরিফের সমর্থকদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে স্পেনের জাতীয় পুলিশ। অন্যদিকে, এই দুর্ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত ক্লাবের সদস্যদের জন্য মনোবিদের সাহায্যের ব্যবস্থা করেছে এফসি অ্যান্ডোরা। ওয়োনোর পাশে দাঁড়িয়েছে ইকোয়েটোরিয়াল গিনির ফুটবল ফেডারেশনও।