দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Rinsha Mariyam

১৫ বছর বয়সে ঘর ছেড়ে রোনাল্ডোর দেশে! চিনে নিন কেরলের কিশোরী ফুটবলারকে

পর্তুগালে পাড়ি দেওয়ার পিছনে ছিল রোনাল্ডো-আবেগও। সিআর সেভেনই তাঁর আদর্শ।
Prasenjit Dutta
02:07 PM Nov 02, 2026 IST
পর্তুগালে পাড়ি দেওয়ার পিছনে ছিল রোনাল্ডো-আবেগও। সিআর সেভেনই তাঁর আদর্শ।
  • বয়স তখন মাত্র ১৫। যে বয়সে সমবয়সিরা স্কুল, বন্ধু আর পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত, সেই বয়সেই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন রিনশা মরিয়ম। বেঙ্গালুরুর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন পর্তুগালে। লক্ষ্য, ফুটবলকেই জীবনের পেশা করে তোলা। কেরলের মেয়েটি জানতেন, স্বপ্নপূরণের পথ সহজ হবে না। পিছিয়ে আসেননি। আড়াই বছর পর ১৮ বছরের রিনশা জায়গা করে নিয়েছেন ইউরোপের ফুটবলে।

  • এখন পর্তুগালের প্রথম ডিভিশনের যুব লিগে ক্লুবে দে আলবেরিয়ার অনূর্ধ্ব-১৯ মহিলা দলের হয়ে খেলছেন তিনি। প্রতিপক্ষ হিসাবে পাচ্ছেন বেনফিকা, স্পোর্টিং সিপির মতো প্রথম সারির ক্লাবগুলিকে। নতুন দেশ, নতুন ভাষা, খাবারদাবার, আবহাওয়া, সম্পূর্ণ আলাদা শিক্ষাব্যবস্থা। সব কিছুর মানিয়ে নিতে হয়েছে কিশোরীকে। মেয়ের ফুটবলার হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বাবা এমপি রশিদ জানিয়েছেন, ১৫ বছর বয়সে মেয়েকে বিদেশে পাঠানো সহজসাধ্য ছিল না।

  • রশিদের কথায়, “যে বয়সে ছেলেমেয়েরা পরিবারের সঙ্গে সময় কাটায়, বন্ধুদের সঙ্গে ঘোরে, স্কুলে যায়, বাড়িতে নিশ্চিন্তে থাকে, সেই বয়সেই রিনশাকে সব কিছু ছেড়ে ফুটবপার হওয়ার স্বপ্নপূরণে পর্তুগালে যেতে হয়েছিল।” পর্তুগালে গিয়ে স্থানীয় স্কুলে ভর্তি হয়েছিল রিনশা। পর্তুগিজ ভাষা শেখার পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়েছে। নিয়মিত ফুটবল অনুশীলনও করেছে। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষ করেছে সে।

  • রশিদের সংযোজন, “ছোট থেকেই নিজের লক্ষ্য। সম্পর্কে সচেতন ও। লক্ষ্যপূরণের জন্য কঠোর পরিশ্রম করে। একবার কোনও কিছু করার সিদ্ধান্ত নিলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। প্রত্যেক বাবা-মায়ের উচিত মেয়েদের পাশে দাঁড়ানো। তাদের স্বপ্নপূরণে উৎসাহ দেওয়া। মেয়েরা যখন পরিবারের সমর্থন পায়, তখন সেই বিশ্বাসের মর্যাদা দিতে আরও পরিশ্রম করে।” রশিদ ও তাঁর স্ত্রী মরিয়ম্বি মেয়ের উপর আস্থা রেখেছিলেন। যা রিনশার শক্তি।

  • ফুটবলের ময়দানে নামার আগে রিনশার লড়াইয়ের মঞ্চ ছিল মার্শাল আর্ট। মাত্র ন’বছর বয়সে ভারতের হয়ে নেপালে আমন্ত্রণমূলক তায়কোন্ডো প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা জিতেছিল। কারাতেও রয়েছে ব্ল্যাক বেল্ট। ব্যক্তিগত বিভাগে একাধিক শিরোপাও তার ঝুলিতে। স্কুলের ক্রীড়াক্ষেত্রেও নজর কেড়েছিল সে। অষ্টম থেকে দশম শ্রেণি, টানা তিন বছর সেরা অ্যাথলিট নির্বাচিত হয়েছিল রিনশা।

  • শেষ পর্যন্ত ফুটবলই হয়ে ওঠে ধ্যানজ্ঞান। বেঙ্গালুরু এফসির হয়ে দু’টি মরশুম খেলার পাশাপাশি কর্নাটকের ‘এ’ এবং সুপার ডিভিশন লিগেও নজর কাড়ে সে। সুযোগ পায় রাজ্যের জুনিয়র দলে। মাত্র ১৪ বছরেই ডাক আসে ভারতের অনূর্ধ্ব-১৭ শিবিরে। পর্তুগালে পাড়ি দেওয়ার পিছনে ছিল রোনাল্ডো-আবেগও। সিআর সেভেনই তাঁর আদর্শ। রিনশার কথায়, “আমি বরাবরই ফুটবল ভালোবাসি। পর্তুগালে খেলার সুযোগ পেয়ে দ্বিতীয় বার ভাবিনি।”

  • ইউরোপীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না। ছেলেদের সঙ্গে অনুশীলন করে দক্ষতা, ফিটনেস বাড়িয়েছে। জুভেফোর্স ও নেগে-র হয়ে খেলার পর সে জায়গা করে নেয় ক্লুবে দে আলবেরিয়ার অনূর্ধ্ব-১৯ দলে। ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর এসসি রিও তিতোর বিরুদ্ধে পর্তুগালের অনূর্ধ্ব-১৯ লিগে প্রথম একাদশে নেমেছিল ১৫ বছরের রিনশা। ঘর ছেড়ে আসা মেয়েটির কাছে ইউরোপের যুব লিগে এই সুযোগ নিঃসন্দেহে বড় প্রাপ্তি।

  • এখানেই থামতে রাজি নয় রিনশা। স্বপ্নের সীমানা আরও দূরে। একদিন বার্সেলোনার জার্সি গায়ে চাপাতে চায় সে। রিনশার মন্তব্য, “একদিন এফসি বার্সেলোনার হয়ে খেলতে চাই।” শুধু ফুটবল নয়, পড়াশোনাতেও সমান মনোযোগী সে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দুর্দান্ত রেজাল্ট করার পর পর্তুগালের কোয়েলহো দে কালভাও স্কুল থেকে দু’টি শিক্ষাগত ডিপ্লোমা পেয়েছে রিনশা। বিদেশের মাটিতে ফুটবল ও পড়াশোনা একসঙ্গে সামলে এই স্বীকৃতি চারটিখানি কথা নয়!

  • ফুটবল শুধু রিনশার একার ভালোবাসা নয়, গোটা পরিবারের আবেগ। চার ভাইবোনের প্রত্যেকেই ফুটবলার। দাদা ২০ বছরের মহম্মদ রিশান কর্নাটক সুপার ডিভিশনে হ্যাল এফসির হয়ে খেলেন। ১৩ বছরের বোন মিনহা মরিয়ম বেঙ্গালুরু এফসির জুনিয়র মহিলা দলে রয়েছে। কর্নাটক রাজ্য দলের শিবিরেও ডাক পেয়েছে সে। পরিবারের সবচেয়ে ছোট সদস্য, ১০ বছরের মহম্মদ রাইয়ান খেলছে বেঙ্গালুরুর স্পোর্টহুড এফসিতে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Cristiano RonaldoIndian FoodPortugal
Advertisement
Tags :
Cristiano RonaldoIndian FoodPortugal

নিয়মিত খবরে থাকতে ফলো করুন