দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Lionel Messi

দুরূহ কোণ থেকে অবিশ্বাস্য ফ্রিকিক! মেসির গোলে হতভম্ব ফুটবল বিশ্ব, দেখুন ভিডিও

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে বিদায়ের মুহূর্ত যত এগিয়ে আসছে, মেসিকে নিয়ে আবেগও তত বাড়ছে।
Prasenjit Dutta
09:57 AM Sep 28, 2026 IST
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে বিদায়ের মুহূর্ত যত এগিয়ে আসছে, মেসিকে নিয়ে আবেগও তত বাড়ছে।
গোলের পর উচ্ছ্বসিত মেসি। ছবি সংগৃহীত।

ফ্রিকিক থেকে গোল করা তাঁর কাছে নতুন কিছু নয়। কিন্তু সোমবার কলম্বাস ক্রুর বিরুদ্ধে লিওনেল মেসির (Lionel Messi) গোলটি যেন অন্য সব কিছুকে ছাপিয়ে গেল। এমন কোণ থেকে বল জালে পাঠালেন আর্জেন্টাইন মহাতারকা, যা সত্যিই অবিশ্বাস্য! যদিও মেসি জাদুকরি গোলও বাঁচাতে পারল না ইন্টার মায়ামিকে। রক্ষণে জোড়া ভুলের খেসারত দিয়ে কলম্বাসের কাছে হেরে গেল তারা।  

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে বিদায়ের মুহূর্ত যত এগিয়ে আসছে, মেসিকে নিয়ে আবেগও তত বাড়ছে। বেনিনের বিরুদ্ধে সেই আবেগঘন ম্যাচের আগে মেজর লিগ সকারে এটাই ছিল মেসির শেষ ম্যাচ। আর সেই ম্যাচেই আবার দেখা গেল তাঁর পুরনো জাদু। ম্যাচের ৩৩ মিনিট। বক্সের ডান দিকে, প্রায় কর্নার ফ্ল্যাগের কাছাকাছি জায়গায় ফ্রিকিক পেল মায়ামি। এমন জায়গা থেকে সাধারণত বক্সের মধ্যে ক্রস ভেসে আসে। কিন্তু মেসি তো আর 'সাধারণ' নিয়মে চলেন না! তিনি সরাসরি শট নিলেন। বলটি বাঁক খেয়ে অবিশ্বাস্য ভাবে চলে গেল ফার পোস্টের দিকে। গোলরক্ষককে কার্যত বোকা বানিয়ে বল আছড়ে পড়ল জালে। এই গোলেই ১-১ করে ম্যাচে ফিরেছিল মায়ামি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাঁর ১২তম সরাসরি ফ্রি-কিক গোল। চলতি মরসুমে ষষ্ঠ। আর এমএলএসে এ বছর তাঁর গোলসংখ্যা বেড়ে হল ২১। গোল্ডেন বুটের দৌড়ে এফসি ডালাসের পেটার মুসার চেয়ে তিন গোল এগিয়ে রয়েছেন তিনি। তবে মেসির গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। এর আগে পেনাল্টি থেকে কলম্বাসকে এগিয়ে দিয়েছিলেন জ্যাকসন মার্টিনেজ। মেসির সমতা ফেরানোর পর মনে হচ্ছিল, হয়তো পয়েন্ট ভাগাভাগিই হবে। কিন্তু নাটক তখনও বাকি ছিল। মায়ামির বদলি খেলোয়াড় সান্তিয়াগো মোরালেস লাল কার্ড দেখলেন। তার কিছু পরেই কলম্বাসের একটি শট মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোর হাত ফসকে বেরিয়ে যায়। বল গিয়ে পড়ে থিয়ারের সামনে। সুযোগ নষ্ট করেননি তিনি। বল জালে পাঠিয়ে কলম্বাসকে এনে দেন নাটকীয় জয়।

এই হারের পর ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। দ্বিতীয় স্থানে থাকা নিউ ইংল্যান্ড রেভল্যুশনের সঙ্গে তাদের পয়েন্ট সমান। শীর্ষে থাকা ন্যাশভিল এসসি এগিয়ে ১৪ পয়েন্টে। অন্যদিকে, কলম্বাস উঠে এসেছে ১২ নম্বরে। এই জয় প্লে-অফের দৌড়ে তাদের আশা জিইয়ে রাখল। তবে মেসির ফ্রিকিক নিয়ে আলোচনা চলছে। এই গোলটি তাঁর পেশাদার ফুটবলজীবনের ৭৬তম ফ্রিকিক গোল। অর্থাৎ ফ্রিকিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের আরও কাছে চলে এলেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন তারকা মার্সেলিনহো কারিওকা। করিন্থিয়ান্সের প্রাক্তন এই মিডফিল্ডার অফিসিয়ালি ৭৮টি ফ্রিকিক গোল করেছেন। যদিও তাঁর নিজের দাবি, সংখ্যাটি ৮৬। সরকারি হিসাব ধরলে মেসি এখন মাত্র তিন গোল দূরে। ফ্রিকিকের ইতিহাসে অবশ্য ব্রাজিলের আধিপত্য দীর্ঘদিনের। তালিকায় রয়েছেন জার রসা পিন্টো, রবার্তো দিনামিতে এবং জুনিনহোর মতো ভাস্কো দা গামার কিংবদন্তিরা। ব্রাজিলের বাইরে উজ্জ্বল নাম প্রয়াত সার্বিয়ান তারকা সিনিশা মিহাইলোভিচ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Lionel Messi
Advertisement
Tags :
Lionel Messi

নিয়মিত খবরে থাকতে ফলো করুন