পরপর চোটের ধাক্কা, ওড়িশা ম্যাচে ৩ পয়েন্টের লক্ষ্যে কাদের নামাচ্ছে মোহনবাগান?
Subhajit Mandal
একের পর এক ফুটবলারের চোট মাথাব্যথার কারণ হয়ে উঠছে মোহনবাগান (Mohun Bagan) কোচ প্যানাজিওটিস দিলেমপেরিসের। বৃহস্পতিবার ওড়িশা এফসির বিরুদ্ধে সাহাল আবদুল সামাদকে পাচ্ছে না মোহনবাগান।
মিগুয়েল ফিগুয়েরা, আপুইয়ার পর চোটের তালিকায় নবতম সংযোজন সাহাল। মাঝমাঠের একের পর এক গুরুত্বপূর্ণ ফুটবলার এভাবে চোট পাওয়ায় চিন্তা বাড়ছে মোহনবাগান কোচের। সাহালের যা পরিস্থিতি, তাতে বেশ কয়েকটি ম্যাচ তাঁকে বাইরে থাকতে হবে, তা বলাই যায়। এসবের মধ্যে দুটো আশার খবর, এক জেমি ম্যাকলারেন সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার প্রথম একাদশে থাকবেন কি না তা বলা এখনই সম্ভব নয়। সব কিছু ঠিকঠাক থাকলে ওড়িশার বিরুদ্ধে স্কোয়াডে থাকবেন জেমি। আপুইয়াও সুস্থ হয়ে উঠেছেন। পুরো ফিট হতে এখনও বেশ কয়েকদিন লাগতে পারে। আপুইয়াও এই ম্যাচে অনিশ্চিত।
আরও পড়ুন:
এই মরশুমে মোহনবাগানে চোটের মাত্রা যেন একটু বেশি হয়েছে এখনও পর্যন্ত। দেজান দ্রাজিচ, আলবার্তোদের দেখা গিয়েছে মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলতে। এই পরিস্থিতির জন্য রেফারির দিকে ঘুরিয়ে আঙুল তুলেছেন দিলেমপেরিস। মোহনবাগান কোচ বলেন, "সাহাল চোট পেয়েছে। ওকে আমরা পাচ্ছি না। আপুইয়াও ফিরে আসবে। জেমি যোগ দিচ্ছে। চোটের কারণে আমরা বেশ সমস্যায় পড়েছি। প্রতিপক্ষের ফুটবলারদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। রেফারিরা যদি এই ধরনের ট্যাকলের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, ফুটবলাররা আরও খারাপ ট্যাকল করতে উৎসাহ পাবে। এতে চোটের আশঙ্কা বাড়বে।"
লিগ টেবিলের দশম স্থানে থাকা ওড়িশার বিরুদ্ধে মোহনবাগানের সম্ভাব্য একাদশ এই রকম হতে পাবে-গোলে বিশাল কাইথ। রক্ষণে শুভাশিস বসু, আলবার্তো রডরিগেজ, মেহতাব সিং ও অভিষেক সিং। মাঝমাঠে লিস্টন কোলাসো, সমীর জেলকোভিচ, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং। এঁদের সামনে দ্রাজিচ। একেবারে সামনে লি এরউইন। এখনও পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। এই শীর্ষে থাকাটা তাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন মোহনবাগান কোচ। প্রত্যেক ম্যাচেই একাধিক সুযোগ পেলেও গোলে রূপান্তরিত করতে ব্যর্থ হচ্ছেন এরউইনরা। এদিন দিলেমপেরিস বলছেন, ওড়িশার বিরুদ্ধে দ্রুত গোল তুলে আনতে পারলে জয়ের কাজটা সহজ হয়ে যাবে। গোল মিস করার প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, "এই বিষয়টি নিয়ে আমরা নিয়মিত আলোচনা করছি। অনুশীলনে ফিনিশিং এবং মনোযোগ বাড়ানোর উপর জোর দিচ্ছি। তবে ম্যাচের ঘন ঘন ম্যাচের কারণে ফুটবলারদের উপর অতিরিক্ত চাপ দিতে চাই না। চোটের ঝুঁকিও রয়েছে। ফুটবলারদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। ওদের গোলের সুযোগ কাজে লাগাতে হবে।"
আজ আইএসএলে মোহনবাগান বনাম ওড়িশা এফসি
যুবভারতী, সন্ধা ৭.৩০
আইএসএল ইউটিউব চ্যানেল